গিনিতে আবর্জনার স্তূপ ধসে ভয়াবহ বিপর্যয়, নিহত ৩০

পশ্চিম আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রিতে রাতভর ভারী বর্ষণের জেরে একটি বিশালাকার আবর্জনার স্তূপ ধসে পড়ার ঘটনায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

রোববার (২৩ আগস্ট) এই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। তথ্যনুযায়, পাহাড়সম সেই বর্জ্যের স্তূপ ধসে পাশের বেশ কিছু অস্থায়ী ঝুপড়ি ও ঘরবাড়ির ওপর পড়লে এই ভয়াবহ হতাহতের ঘটনা ঘটে।

ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এতে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সংবাদমাধ্যম বিবিসি বলছে, রাজধানী কোনাক্রির দার-এস-সালাম এলাকায় ঘটা এ ঘটনায় আরও ২২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

সরকার এক বিবৃতিতে জানিয়েছে, রাতভর ভারি বৃষ্টির পর স্থানীয় সময় রাত ২টার দিকে আবর্জনার স্তূপটি ধসে পড়ে। ধসের পর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে সামরিক বাহিনীসহ বিপুলসংখ্যক উদ্ধারকর্মী ও প্রয়োজনীয় সরঞ্জাম মোতায়েন করা হয়।

স্থানীয় গণমাধ্যমকে এক নারী জানিয়েছেন, এই দুর্ঘটনায় তার পাঁচ সন্তান মারা গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পরে ঘটনাস্থলে ছড়িয়ে থাকা আবর্জনার স্তূপে উদ্ধারকর্মীদের খননযন্ত্র দিয়ে তল্লাশি চালাতে দেখা যায়। এ সময় স্থানীয় বাসিন্দারাও সেখানে জড়ো হন। পরিস্থিতি দেখতে এবং উদ্ধার অভিযান তদারক করতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গিনির প্রধানমন্ত্রী মামাদু উরি বাহ। দীর্ঘদিনের অনিয়ন্ত্রিত বর্জ্য ব্যবস্থাপনা ও বর্ষার ভারি বৃষ্টিই এমন বড় বিপর্যয়ের প্রধান কারণ।

Exit mobile version