মনপুরায় জেলের জালে ধরা পড়ল ৮৫০০ টাকার রাজা ইলিশ!

ভোলার মনপুরার মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে একটি ‘রাজা ইলিশ’। দুই কেজি ওজনের মাছটি নিলামে সাড়ে আট হাজার টাকায় বিক্রি হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে জেলে কিরন মাঝি উপজেলার রামনেওয়াজ মৎস্যঘাটে উপজেলা বিএনপির সভাপতি বাচ্চু চৌধুরীর মৎস্য আড়তে মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন। পরে নিলামে মৎস্য ব্যবসায়ী ফিরোজ সাড়ে আট হাজার টাকায় মাছটি কিনে নেন।

কিরন মাঝি গণমাধ্যমকে জানান, সোমবার মেঘনায় জাল ফেলে মাছ শিকারের সময় অন্যান্য ছোট ইলিশের সঙ্গে বড় আকারের এই ইলিশটি ধরা পড়ে। পরে অন্যান্য মাছের সঙ্গে রাজা ইলিশটিও বাচ্চু চৌধুরীর মৎস্য আড়তে নিলামে তোলা হয়।

মৎস্য ব্যবসায়ী ফিরোজ গণমাধ্যমকে জানান, তিনি ছাড়াও কয়েকজন ব্যবসায়ী নিলামে অংশ নেন। পরে সাড়ে আট হাজার টাকায় মাছটি কিনেছেন তিনি। ঢাকায় লঞ্চযোগে মাছটি কাওরান বাজারে বিক্রির জন্য পাঠাবেন। সেখানে আরও বেশি দামে বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি।

উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু গণমাধ্যমকে বলেন, এমনিতে মেঘনায় ইলিশের হাহাকার চলছে। এর মধ্যে বড় আকারের একটি ইলিশ ধরা পড়েছে। সামনে বৃষ্টিপাত হলে আরও বড় আকারের ইলিশ ধরা পড়বে বলে আমরা আশাবাদী।

Exit mobile version