গাজীপুরে প্রবাসীর বাড়িতে তাণ্ডব: চাঁদা না পেয়ে হামলা, রক্তাক্ত পরিবার, লুটপাট

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন স্বজনদের সঙ্গে সময় কাটাতে। কিন্তু তিন মাস না যেতেই তাঁর পরিবারে নেমে আসে আতঙ্ক। প্রথমে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, এরপর বাড়িতে হামলা। ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত হন প্রবাসী জসিম উদ্দিন পালোয়ান। তাঁকে বাঁচাতে গিয়ে আহত হন বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও বড় জা। শুধু হামলাই নয়, ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট এবং নারীদের শ্লীলতাহানির অভিযোগও উঠেছে।

ঘটনাটি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও (মোল্লাপাড়া) এলাকায়। গত ২১ আগস্ট দুপুরে হামলার ঘটনা ঘটলেও চিকিৎসা ও পারিবারিক ব্যস্ততায় তিন দিন পর ২৩ আগস্ট থানায় লিখিত অভিযোগ করেন জসিমের স্ত্রী সামিয়া আক্তার।

অভিযোগ অনুযায়ী, ২১ আগস্ট দুপুর সোয়া ২টার দিকে দেশীয় অস্ত্র, চাপাতি, ধারালো ছেন, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে একদল লোক জসিমের বাড়িতে প্রবেশ করে। তাঁকে এলোপাতাড়ি মারধরের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে মাথা ও হাতে আঘাত করা হয়।

চিৎকার শুনে এগিয়ে এলে হামলার শিকার হন জসিমের বাবা নাজিম উদ্দিন (৭৬), মা মনোয়ারা বেগম (৬৮), বড় জা নিপা খন্দকার (৪০) ও স্ত্রী সামিয়া (১৯)।

আহতদের প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গুরুতর আহত জসিমকে পরে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তের জন্য ঘটনাস্থলে কর্মকর্তা পাঠানো হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা ও দায় নির্ধারিত হবে। এরপর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

Exit mobile version