আনসার-ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক পদে পদোন্নতি পেলেন সাইফুল্লাহ রাসেল

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন আনসার-ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট মো. সাইফুল্লাহ রাসেল। গতকাল সোমবার বাহিনীর সদর দপ্তরে তার র‌্যাংক ব্যাজ পরিধান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এবং অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ সদ্য পদোন্নতিপ্রাপ্ত সাইফুল্লাহ রাসেলকে নতুন পদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।

প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, যথাযথ যোগ্যতা, সময়োপযোগী সক্ষমতা ও পেশাদারিত্ব অর্জনের মাধ্যমে অতিরিক্ত মহাপরিচালক পদে পদোন্নতি পাওয়া সাইফুল্লাহ রাসেলের দীর্ঘদিনের সাংগঠনিক আস্থা ও নিষ্ঠা প্রশংসনীয়।

তিনি আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে আনসার-ভিডিপি একাডেমির প্রশিক্ষণ কার্যক্রমে উৎকর্ষতা ও আধুনিকায়ন আরও গতিশীল হবে। এর মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি সুবৃহৎ ও পেশাদার প্যারামিলিটারি ফোর্স হিসেবে আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হবে।

মহাপরিচালক আরও বলেন, ১৮তম বিসিএসের এই কর্মকর্তা তার দীর্ঘ পেশাগত অভিজ্ঞতা ও দক্ষতাকে বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং সদস্যদের কল্যাণে আরও কার্যকরভাবে কাজে লাগাবেন। পাশাপাশি অধীনস্থদের সঠিক দিকনির্দেশনা দিয়ে নেতৃত্বের বিকাশে ভূমিকা রাখবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Exit mobile version