সিলেটের কানাইঘাট ডোনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বিজিবির হাতে আটক হয়েছেন আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক,সিলেট জজ কোর্টের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি), সিলেটের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।
সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটেলিয়ন (১৯বিজিবি) এর অধীনস্থ একটি টহলরত দল তাকে সীমান্তে আটক করে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, মিসবাহ সিরাজকে ভারতে পালিয়ে যেতে সহায়তাকারী দালালরা এসময় তাকে ফেলে রেখে পালিয়ে যায়।
আটকের পর মিসবাহ উদ্দিন সিরাজকে বিজিবি হেফাজতে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে।পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে কানাইঘাট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই মিসবাহ উদ্দিন সিরাজ আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিভিন্ন থানায় ছাত্র-জনতার আন্দোলনের ওপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তার এড়াতেই তিনি অবৈধ পথে ভারতে পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন বলে ধারণা করা হচ্ছে।
