৯ বছর পূর্তিতে রোহিঙ্গা গণহত্যা দিবস: স্বদেশে ফিরতে চান রোহিঙ্গারা

বাংলাদেশে রোহিঙ্গা আগমনের ৯ বছর পূর্তি উপলক্ষ্যে কক্সবাজারের উখিয়ার আশ্রয়শিবিরে পালিত হয়েছে রোহিঙ্গা গণহত্যা দিবস।

এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার সকাল থেকে কুতুপালংয়ের চার নম্বর ক্যাম্পের ফুটবল মাঠে জড়ো হন হাজারো রোহিঙ্গা।
স্বদেশে ফিরে যাওয়ার দাবি জানিয়ে তারা দেন নানা স্লোগান। আশপাশের বিভিন্ন ক্যাম্প থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন তারা। পুরুষদের পাশাপাশি এতে অংশ নেন নারী ও শিশুরাও। তাদের হাতে ছিল পোস্টার, প্ল্যাকার্ড। এ সময় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

সমাবেশে আসা রোহিঙ্গারা জানান, দীর্ঘদিন ধরে বাংলাদেশে বসবাস করলেও নিজের দেশ মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশে ফিরে যেতে চান তারা।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে আশ্রয় নিয়ে থাকা তাদের লক্ষ্য নয় বরং স্বদেশে নিরাপদ প্রত্যাবাসনই তাদের মূল লক্ষ্য।

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে প্রত্যাবাসনের ওপরই জোর দিয়েছেন ত্রাণ, শরণার্থী ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারে সহিংসতার মুখে বাংলাদেশে ব্যাপক হারে রোহিঙ্গাদের আগমন শুরু হয়। এরপর থেকেই ৯ বছরেও তাদের মুখে একই দাবি ন্যায় বিচার এবং নিরাপদে নিজ দেশে ফিরে যাওয়ার অধিকার চান তারা।

Exit mobile version