দেবহাটায় শ্মশানের জমি দখল: প্রধান শিক্ষকের বিরুদ্ধে গ্রামবাসীর প্রতিবাদ

সাতক্ষীরার দেবহাটায় শ্মশানের জমি দখলের অভিযোগে মানববন্ধন ও গণমিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার বিকালে সুবর্ণাবাদ মন্দিরের সামনের সড়কে এ মানববন্ধন করেন স্থানীয়রা।

বিক্ষোভকারীদের অভিযোগ, সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জগদীশ সরকার সুবর্ণাবাদ মহাশ্মশানের দাহ্য কাঠ রাখার স্থান ও শিশু শ্মশানের জমি দখল করে রেখেছে। এতে দীর্ঘদিনের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে দাবি তাদের। বিষয়টি নিয়ে বলার পরেও তিনি ওই জায়গাটি দখল করে রেখেছেন। বিষয়টি দ্রুত তদন্ত করে শ্মশানের জমি দখলমুক্ত করার দাবি জানান তারা। একই সাথে স্থানীয়দের দাবি, শ্মশানের নির্ধারিত স্থান দ্রুত দখলমুক্ত করে স্থায়ী সমাধান নিশ্চিত করুক প্রশাসন।

এসময় বক্তব্য দেন দেবহাটা উপজেলা যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, উপজেলা হিন্দু-বৈদ্য-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দ্র কান্ত মল্লিক, স্থানীয় ইউপি সদস্য বিধান সরদার, মহাশ্মশানের সহ-সভাপতি পরিতোষ গোলদার, কোষাধ্যক্ষ মৃণাল কান্তি হালদার, স্বপ্না মল্লিক, রেনুকা হালদার প্রমুখ।

এদিকে অভিযুক্ত ওই শিক্ষক জগদীশ সরকারের ব্যবহৃত নাম্বরে কল দিলে প্রথমে রিসিভ করে তার স্ত্রীর কাছে ফোন দিয়ে বাড়িতে নেই বলে জানান। এমনকি তিনি কখন বাড়িতে ফিরবেন সেটিও তারা জানেন না বলে জানান।

দেবহাটা থানার ওসি এইচ এম শাহিন বলেন, বিষয়টি আমার জানা নেই। বিষয়টি নিয়ে তিনি সরেজমিনে গিয়ে তদারকি করবেন বলেও জানান।

Exit mobile version