৮০ বছর বয়সে মারা গেলেন কিংবদন্তি সংগীতশিল্পী ডলি পার্টন

মার্কিন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি সংগীতশিল্পী-অভিনেত্রী ডলি পার্টন মারা গেছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) ক্যানসারের সঙ্গে লড়াই করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮০ বছর।

‘কান্ট্রি’ তারকা ডলি পার্টনের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম পিপলকে একটি বিবৃতি পাঠিয়েছেন। তাতে বলা হয়েছে, মঙ্গলবার (২৫ আগস্ট) ৮০ বছর বয়সে মারা গেছেন ‘জোলিন’খ্যাত এই শিল্পী। কিছুদিন ধরে তিনি ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। তবে কোন ধরনের ক্যানসারে আক্রান্ত ছিলেন, তা জানানো হয়নি।

এ বিবৃতিতে বলা হয়েছে, “আমাদের প্রিয় ডলি পার্টন তার পুরো জীবন ও কর্মজীবনে যা কিছু স্পর্শ করেছেন, তার সবকিছুর মধ্যে আনন্দ, হাসি, আশা ও সততা ছড়িয়েছেন। তার অতুলনীয় উদারতা অসংখ্য মানুষের জীবনে পৌঁছেছে; যাদের অনেকের সঙ্গে তার কখনো দেখাও হয়নি। তবু সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত ছিলেন তিনি।”

মানুষের প্রতি ডলির নিঃশর্ত ভালোবাসার কথা স্মরণ করে বিবৃতিতে বলা হয়েছে, “তার মূল্যবান ইমাজিনেশন লাইব্রেরির মাধ্যমে কোটি কোটি বই বিতরণ, কিংবা বিশ্বজুড়ে ব্যবহৃত জীবনরক্ষাকারী টিকা তৈরিতে সহায়তা—সব ক্ষেত্রেই মানুষের প্রতি ডলির নিঃশর্ত ভালোবাসাই ছিল তার দীর্ঘস্থায়ী প্রভাবের মূল শক্তি। সাহসিকতার সঙ্গে ক্যানসারের বিরুদ্ধে স্বল্পমেয়াদি লড়াইয়ের পর আজ ডলি তার পার্থিব জীবন শেষ করেছেন। ভ্যান্ডারবিল্ট-ইনগ্রাম ক্যানসার সেন্টারে ভর্তি ছিলেন ডলি।”

ডলির প্রতিনিধি ছাড়াও একই দিনে তার ভাইয়ের ছেলে ব্রায়ান সিভার ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করে মৃত্যুর খবরটি জানান।

গত ২১ আগস্ট, ন্যাশভিলের ভ্যান্ডারবিল্ট-ইনগ্রাম ক্যানসার সেন্টারে ভর্তি হন ডলি পার্টন। চার দিন পর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। কিডনি ও অটোইমিউন সংক্রান্ত নানা জটিলতায়ও ভুগছিলেন বলে এর আগে জানিয়েছিলেন এই শিল্পী।

১৯৪৬ সালের ১৯ জানুয়ারি, টেনেসির পিটম্যান সেন্টারের একটি দরিদ্র কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন ডলি পার্টন। ১২ ভাই–বোনের বড় পরিবারে ছোট্ট একটি কাঠের ঘরে কেটেছে তার শৈশব। সংসারে অভাব ছিল নিত্যসঙ্গী। কিন্তু গান ছিল তার সবচেয়ে বড় আশ্রয়। তার মা লোকগান গাইতেন। সেই গান শুনেই বড় হয়েছেন ডলি। মাত্র ছয় বছর বয়সে নিজের প্রিয় পুতুলকে নিয়ে প্রথম গান লেখেন। আট বছর বয়সে প্রথম গিটার হাতে নেন। ১১ বছর বয়সে স্থানীয় বেতারে গান গাওয়া শুরু করেন। আর ১৩ বছর বয়সে যুক্তরাষ্ট্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ কান্ট্রি সংগীতের মঞ্চে গান গাওয়ার সুযোগ পান এই শিল্পী।

কয়েক দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারে ডলি পার্টন সর্বকালের সর্বাধিক বিক্রিত ফিমেল কান্ট্রি সংগীতশিল্পী। বিশ্বজুড়ে তার অ্যালবাম বিক্রি হয়েছে ১৬ কোটিরও বেশি। ১৯৬৭ সালে ‘হ্যালো, আই’ম ডলি’ অ্যালবামের মাধ্যমে তার সংগীতজীবনের সূচনা। এরপর ধারাবাহিকভাবে জনপ্রিয় সব গান উপহার দেন। এ তালিকায় রয়েছে—‘আই উইল অলওয়েজ লাভ ইউ’, ‘৯ টু ৫’, ‘জোলিন’ প্রভৃতি। দর্শকদের ভালোবাসা ছাড়াও এমি অ্যাওয়ার্ড, গ্র্যামি অ্যাওয়ার্ডসহ নানা সম্মাননা জমা হয়েছে তার প্রাপ্তির ঝুলিতে।

Exit mobile version