এআই-এর (কৃত্রিম বুদ্ধিমত্তা) সহায়তায় পড়াশোনা, গবেষণা ও পরীক্ষার প্রস্তুতি নিতে চান এমন বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ এনেছে গুগল। যোগ্য শিক্ষার্থীরা এক বছর বিনামূল্যে ব্যবহার করতে পারবেন গুগল এআই প্লাস সাবস্ক্রিপশন।
গুগলের শিক্ষার্থীদের জন্য তৈরি ওয়েব পেজের তথ্য অনুযায়ী, বাংলাদেশে গুগল এআই প্লাসের স্বাভাবিক মাসিক মূল্য ৬০০ টাকা। তবে শিক্ষার্থীদের জন্য ১২ মাসের এ অফারে মাসিক মূল্য শূন্য টাকা। অর্থাৎ পুরো এক বছর ব্যবহার করলে ৭ হাজার ২০০ টাকার সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়ার সুযোগ থাকছে।
গুগল এআই প্লাসের এক বছরের বিনামূল্যের সুবিধা পেতে প্রথমে শিক্ষার্থীদের গুগলের নির্ধারিত স্টুডেন্টস পেজে যেতে হবে। সেখানে ১২ মাসের বিনামূল্যের অফার নির্বাচন করে গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে হবে।
এরপর শিক্ষার্থী হিসেবে পরিচয় যাচাইয়ের ধাপ আসবে। এ জন্য গুগল ব্যবহার করছে অনলাইন পরিচয় যাচাই প্ল্যাটফর্ম শেয়ারআইডি। শিক্ষার্থীকে সাধারণত নিজের নাম, শিক্ষাপ্রতিষ্ঠানের নামসহ কিছু মৌলিক তথ্য দিতে হবে। এরপর শেয়ারআইডি নির্ভরযোগ্য তথ্যসূত্রের সঙ্গে এসব তথ্য মিলিয়ে শিক্ষার্থী হিসেবে যোগ্যতা যাচাই করবে।
স্বয়ংক্রিয়ভাবে পরিচয় যাচাই করা সম্ভব না হলে অতিরিক্ত নথি জমা দিতে হতে পারে। এ ক্ষেত্রে শিক্ষার্থী পরিচয়পত্র বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দেওয়া কোনো সরকারি নথির ছবি আপলোড করার প্রয়োজন হতে পারে।
অর্থাৎ শুধু গুগল অ্যাকাউন্ট থাকলেই এই সুবিধা পাওয়া যাবে না। শিক্ষার্থী হিসেবে যোগ্যতা যাচাই সফল হওয়ার পরই গুগল এআই প্লাসের এক বছরের বিনামূল্যের সুবিধা চালু করা যাবে।
শিক্ষার্থীরা পড়াশোনা ও পরীক্ষার প্রস্তুতির জন্য জেমিনি এবং জেমিনাই নোটবুক ব্যবহার করতে পারবেন। গুগলের তথ্য অনুযায়ী, একসঙ্গে সর্বোচ্চ ২০০ পৃষ্ঠার ক্লাস নোট বিশ্লেষণ করে বিভিন্ন বিষয় বুঝতে, গবেষণা করতে এবং পরীক্ষার প্রস্তুতি নিতে সহায়তা নেওয়া যাবে।
লেখালেখি ও ক্যারিয়ার প্রস্তুতির ক্ষেত্রেও এআই প্লাসের বাড়তি সুবিধা পাওয়া যাবে। শিক্ষার্থীরা লেখার প্রথম খসড়া তৈরি, যুক্তি সাজানো এবং নিজেদের ভাবনা আরও গুছিয়ে নেওয়ার কাজে জেমিনাই ব্যবহার করতে পারবেন।
গুগল এআই প্লাসের সঙ্গে গুগল ফটোস, গুগল ড্রাইভ ও জিমেইলের জন্য মোট ৪০০ জিবি ক্লাউড স্টোরেজ দেওয়া হবে।
প্যাকেজে গুগল ফ্লো, গুগল সার্চে ন্যানো বানানা, জিমেইলে জেমিনি এবং জেমিনাই নোটবুকের বাড়তি ব্যবহারের সুবিধাও রয়েছে। গুগল ফ্লোর মাধ্যমে এআই ব্যবহার করে সিনেমাটিক দৃশ্য ও গল্প তৈরি করা যাবে। পাশাপাশি গুগল ফ্লো মিউজিক ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় সংগীত তৈরির সুযোগও থাকছে।
বাংলাদেশে গুগল এআই প্লাসের স্বাভাবিক মূল্য মাসে ৬০০ টাকা। ফলে বিনামূল্যের ১২ মাস শেষ হওয়ার পর সাবস্ক্রিপশন চালু থাকলে নিয়মিত মূল্য পরিশোধ করতে হবে।
