বসনিয়ার কসাই রাতকো ম্লাদিক মারা গেছেন, হেগের কারাগারে মৃত্যু

বসনিয়া ও হার্জেগোভিনার ১৯৯২-৯৫ সালের যুদ্ধে আট হাজার মানুষকে হত্যায় নেতৃত্ব দেওয়া ‘বসনিয়ার কসাই’ বসনিয়ান-সার্ব জেনারেল রাতকো ম্লাদিক মারা গেছেন। গণহত্যা, যুদ্ধাপরাধ এবং মানবতবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত রাতকো ম্লাদিককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, মৃত্যুর সময় জেনারেল রাতকো ম্লাদিকের বয়স ৮৩ অথবা ৮৪ বছর ছিল। বার্তাসংস্থা রয়টার্সকে জাতিসংঘের এক কর্মকর্তা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এই যুদ্ধাপরাধী নেদারল্যান্ডসের হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের কারাগারে বন্দি ছিলেন। এই কারাগারের হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

বসনিয়ায় ১৯৯৫ সালে জাতিসংঘের নির্ধারণ করা ‘সেফ এরিয়া’-তে আট হাজার মুসলিমকে হত্যায় নেতৃত্ব দেন এই বসনিয়ার কসাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের মাটিতে যা ছিল সবচেয়ে বড় নৃসংশ হত্যার ঘটনা। তার নির্দেশে মুসলিম পুরুষ ও বালকদের নির্বিচারে গুলি করে হত্যা করা হয়।
ভয়াবহ ওই গণহত্যার পর তার বিরুদ্ধে সোচ্চার হয় বিশ্ব। এরপর দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন। কিন্তু ২০১১ সালের মে মাসে সার্বিয়ার একটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে তুলে দেওয়া হয়।

২০১৭ সালে এ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। ২০২১ সালে তিনি এ রায়ের বিরুদ্ধে আপিল করেন। কিন্তু আদালত তা খারিজ করে দেয়।

২০১৭ সালে দেওয়া আদালত তার রায়ে এই জেনারেলের হত্যাকাণ্ডকে ‘মানবজাতির মধ্যে জঘন্যতম অপরাধের অন্যতম অপরাধ’ হিসেবে অভিহিত করে।

প্রতিবেদন: আলজাজিরা

Exit mobile version