সাইফুল ইসলাম : মানিকগঞ্জে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সরকারি অ্যাম্বুলেন্স থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় সরকারি অ্যাম্বুলেন্সসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা। অ্যাম্বুলেন্সটির মূল্য প্রায় ২০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার বেউথা মোড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। একই দিন রাত ৯টার দিকে এ বিষয়ে প্রেস বিজ্ঞপ্তি দেয় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মানিকগঞ্জ সদর উপজেলার নতুন বস্তী এলাকার ফরিদ মোহাম্মদ সৈকত (৪৭), পশ্চিম সেওতা এলাকার খন্দকার আতিকুর রহমান রুবেল (৪০) এবং হরিরামপুর উপজেলার ঝিটকা কলাহাটি এলাকার রেজাউল করিম খান মিলন (৪১)।
ডিবি পুলিশ জানায়, মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মানবেন্দ্র বালোর তত্ত্বাবধানে এসআই অভিজিৎ চৌধুরীর নেতৃত্বে বেউথা মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সরকারি অ্যাম্বুলেন্সটি তল্লাশি করে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে অ্যাম্বুলেন্সসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ মানবেন্দ্র বালো বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে বেউথা মোড় এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি সরকারি অ্যাম্বুলেন্সসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”
