উত্তরায় নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের মিছিল ছত্রভঙ্গ, পুলিশের ধাওয়া

রাজধানীর উত্তরায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। শুক্রবার সকালে জসীমউদ্দীন এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে র‍্যাব-১ কার্যালয়ের কাছাকাছি গিয়ে শেষ হয়। পরে পুলিশের ধাওয়ায় মিছিলকারীদের ছত্রভঙ্গ হতে দেখা যায়।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মিছিলটি বের করা হয়। উত্তরার জসীমউদ্দীন এলাকার মহাসড়ক থেকে শুরু হওয়া মিছিলটি র‍্যাব-১ কার্যালয়সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়।

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর আনিছুর রহমান নাঈমের ব্যানারে মিছিলটি আয়োজন করা হয়।

মিছিলে অংশ নেয়া নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেন। তাদের মুখে ‘ডাক দিয়েছে নাঈম ভাই, ঘরে থাকার সময় নাই’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ নানা স্লোগান শোনা যায়।

Exit mobile version