সমাজ থেকে মাদকের ভয়াবহ বিস্তাররোধে দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার জোরালো আহ্বান জানিয়েছেন টাঙ্গাইল-৭ (মির্জাপুর) সংসদীয় আসনের সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে মির্জাপুর বাইপাস সংলগ্ন লাভু মৃধা কনভেনশন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। মির্জাপুর উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন এই সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, মির্জাপুরবাসী আমাকে সংসদে পাঠিয়েছেন, সংসদ অধিবেশনে আমি মির্জাপুরবাসীর সকল সমস্যার কথা পর্যায়ক্রমে তুলে ধরছি, মির্জাপুর যেহেতু কৃষি প্রধান এলাকা সেহেতু মির্জাপুরবাসীর ভাগ্য উন্নয়নের লক্ষে সম্প্রতি অনুষ্ঠিত সংসদ অধিবেশনে একটি কৃষি বিশ্ববিদ্যালয় করার প্রস্তাব রেখেছি। এ সময় তিনি উল্লেখ করেন মির্জাপুরবাসী আমাকে যে গুরু দায়িত্ব দিয়েছে তা যথাযথভাবে পালন করার চেষ্টা করব।
বক্তৃতাকালে তিনি আরো বলেন, মাদক আমাদের তরুণ সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়তে হলে মাদকের বিরুদ্ধে আমাদের সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।
সভায় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভার শেষভাগে আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী মহাসমারোহে উদযাপনের জন্য বর্ণাঢ্য র্যালি, দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি সফল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
