ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সারসহ একটি ট্রাক আটক করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)। এ সময় ট্রাক থেকে ২৪ টন টিএসপি ও ডিএপি সার উদ্ধার করা হয়। আটক সার ও ট্রাকের আনুমানিক সিজার মূল্য ৫৫ লাখ ৬১ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এলাকাটি সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে।
অভিযানকালে সন্দেহজনক একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে ট্রাকে থাকা সারের কাগজপত্র যাচাই করে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। বিজিবির প্রাথমিক ধারণা, সারগুলো অবৈধভাবে মজুতের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল।
তল্লাশিতে ট্রাক থেকে ৯ হাজার ৫০০ কেজি টিএসপি সার এবং ১৪ হাজার ৫০০ কেজি ডিএপি সার উদ্ধার করা হয়। এতে মোট উদ্ধার করা সারের পরিমাণ দাঁড়ায় ২৪ হাজার কেজি বা ২৪ টন। একই সঙ্গে সার পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।
বিজিবি আরও জানায়, আটক সার ও ট্রাকের আনুমানিক সিজার মূল্য ৫৫ লাখ ৬১ হাজার টাকা। জব্দ করা সারসহ ট্রাকটি আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত সুরক্ষায় বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।
