চুরি করতে গিয়ে ভিমরুলের প্রসঙ্গে কামড় উদ্ধার করতে বাড়ির মালিককে ডাকলেন চোর

বরগুনা সদর উপজেলায় গাছ থেকে ডাব চুরির সময় ভিমরুলের আক্রমণে নিচে পড়ে গিয়ে দবির নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। পড়ে গিয়ে নড়াচড়া করতে না পেরে সকালে তিনি নিজেই বাড়ির মালিককে ডেকে উদ্ধারের অনুরোধ জানান। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে পাঠায়।

শনিবার (২৯ আগস্ট) সকালে বরগুনা সদর উপজেলার খাঁড়াকান্দা এলাকায় বেলাল নামের এক ব্যক্তির বাড়িতে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতের দিকে দবির খাঁড়াকান্দা এলাকার বাসিন্দা বেলালের একটি নারিকেল গাছে ডাব চুরির উদ্দেশ্যে ওঠেন। গাছে উঠে করাত দিয়ে কয়েকটি ডাব কেটে নিচে ফেলার পর অসাবধানতাবশত সেখানে থাকা একটি ভিমরুলের চাকে আঘাত লাগে। মুহূর্তেই একঝাঁক ভিমরুল তাকে আক্রমণ করে কামড়াতে শুরু করলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে গাছ থেকে সরাসরি মাটিতে আছড়ে পড়েন। এতে হাত ও কোমরে মারাত্মক আঘাত পেয়ে তিনি গাছের নিচেই অসাড় অবস্থায় পড়ে থাকেন।

সকাল হওয়ার পর ব্যথায় কাতর হয়ে এবং উঠতে না পেরে দবির বাড়ির লোকজনকে উদ্ধারের জন্য ডাকতে শুরু করেন। তার ডাক শুনে বাড়ির মালিক ও স্থানীয়রা গাছের নিচে ডাবসহ তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

বাড়ির মালিক বেলাল জানান, সকালে ঘুম থেকে ওঠার পর দবির তাদের ডেকে উদ্ধারের আকুতি জানান। বাইরে গিয়ে দেখা যায়, কাটা ডাবসহ তিনি গাছের নিচে পড়ে আছেন। পরে তারা সদর থানায় বিষয়টি অবগত করেন।

ঘটনাস্থলে উপস্থিত বরগুনা সদর থানার উপপরিদর্শক (এসআই) শামীম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছের নিচ থেকে আহত অবস্থায় দবিরকে উদ্ধার করে। আঘাত গুরুতর হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Exit mobile version