ব্রাহ্মণবাড়িয়া নিয়ে জাতীয় সংসদে দেয়া বক্তব্যে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ দুঃখ প্রকাশ করায় নিজেদের প্রতিবাদী কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। সেই সঙ্গে এনসিপির কর্মসূচিতে কোনো ধরনের বাধা না দেয়ার ঘোষণাও দিয়েছে সংগঠনটি। শনিবার (২৯ আগস্ট) দুপুরে এনসিপি নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার পর কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত জানানো হয়।
তবে জেলা প্রশাসন জানিয়েছে, শিল্পকলা কোনো রাজনৈতিক অনুষ্ঠানের জন্য নয়। এনসিপি সেখানে অনুষ্ঠান করতে পারবে না।
খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্যোগে সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে শুক্রবার মধ্যরাতে কওমি ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে মাদরাসা শিক্ষার্থীরা সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে দেয়া বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করে। হাসনাত আব্দুল্লাহ ক্ষমা না চাইলে এনসিপির অনুষ্ঠান প্রতিহত করারও ঘোষণা দেন বিক্ষুব্ধরা।
এ অবস্থায় শনিবার বিকেল ৩টায় এনসিপির অনুষ্ঠান স্থলে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের ডাক দেয় কওমি ছাত্র ঐক্য পরিষদ। তবে দুপুরে হাসনাত আব্দুল্লাহ তার ফেসুক স্ট্যাটাসে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে জানিয়ে সংসদে দেয়া তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন।
ব্রাহ্মণবাড়িয়া কওমি ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল খালেক বলেন, হাসনাত আব্দুল্লাহ দুঃখ প্রকাশ করেছে। এর পরিপ্রেক্ষিতে কওমি ছাত্র ঐক্য পরিষদের নির্ধারিত কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। এনসিপির কর্মসূচিতে আমাদের কোনো বাধা থাকবে না।
তবে জেলা প্রশাসক মো. আবুসাঈদ বলেন, এনসিপি শিল্পকলা একাডেমিতে একটি ঘরোয়া অনুষ্ঠান করবে বলে জানিয়েছিল। কিন্তু রাজনৈতিক সমাবেশ হবে, সেটা জানায়নি। সেজন্য আমরা অনুমতি ওইভাবে দিতে পারি না। কারণ শিল্পকলায় কোনো রাজনৈতিক অনুষ্ঠানের জন্য নয়। তারা সেখানে অনুষ্ঠান করতে পারবে না।
