‘প্রধানমন্ত্রীর প্রক্সি’ হিসেবে কাজ করতে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে সালাহউদ্দিন আহমদ পর্যাপ্ত নজর দিতে পারছেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজের মন্ত্রণালয়ের দিকে নজর দেওয়ার আহ্বানও জানান তিনি।
শনিবার (২৯ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে সারজিস আলম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যেন তার মন্ত্রণালয়ে একটু নজর দেন। তিনি তো বর্তমানে আসলে প্রধানমন্ত্রীর প্রক্সি হিসেবে কাজ করছেন। কিন্তু এটা করতে গিয়ে রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি নজর দিতে পারছেন না। আমরা তাকে আহ্বান করব তিনি যেন তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে নজর দেন।
আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের ফিরে আসার গুঞ্জন প্রসঙ্গে সারজিস আলম বলেন, ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া-বাতাস দুইটা জায়গায় দেখা যায়৷ একটা স্যোশাল মিডিয়া, আরেকটা হয়তো ভারতে। বাংলাদেশে আওয়ামী লীগ ফেরার কোনো আসার সুযোগ নাই। স্বাধীন-সার্বভৌম ভূখণ্ডে গণহত্যাকারী, খুনি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামি ফিরতে পারবে না।
দেশের বর্তমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের কথা উল্লেখ করে সারজিস আলম বলেন, যদি অর্থমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী এই কথা বলেন যে, বিদ্যুৎ এবং গ্যাসের সমস্যা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে; তাহলে এই সেক্টরগুলোর সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেক মন্ত্রীর পদত্যাগ করা উচিত। এটা শুধু একজন মন্ত্রীকে দায় দিয়ে লাভ নেই। এই দায়ভার প্রধানমন্ত্রী তারেক রহমান কোনোভাবে এড়াতে পারেন না।
এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আশরাফ উদ্দিন মাহদি, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ এবং কেন্দ্রীয় ছাত্রশক্তির আহ্বায়ক বাকের মজুমদার প্রমুখ।
এর আগে, আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ব্রাহ্মণবাড়িয়া শহরের ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসায় যান। সেখানে তিনি মাদ্রাসার অধ্যক্ষ ও জেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি মুবারকুল্লাহ, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী এবং কওমি ছাত্র ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে সাম্প্রতিক ভুল বোঝাবুঝির অবসান ঘটান।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, মাদ্রাসা ছাত্ররা পুলিশ লাইন্সে গান-বাজনা বন্ধ করতে যাননি। বরং সামনে পরীক্ষা থাকার কারণে তারা কেবল গানের উচ্চ শব্দ কমানোর জন্য অনুরোধ করতে গিয়েছিলেন। কিন্তু সেখানে তাদের ওপর হামলা ও মারধর করা হয়েছে। পরবর্তীতে পুলিশ দুঃখ প্রকাশ করলেও, ছাত্রদের ওপর যারা আঘাত করেছে তাদের বিচারের আওতায় আনা হয়নি। অথচ গণমাধ্যমে প্রচার করা হয়েছে, ছাত্ররা গান-বাজনা বন্ধ করতে গিয়েছিল।
স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে তিনি আরও বলেন, এটা স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বহীন আচরণ করছেন। উনি তো মাদ্রাসার ছাত্রদের পাশে দাঁড়াননি। এটার একটা সুষ্ঠু বিচার করেননি।
