দুর্ঘটনার শিকার তাসনুভা তিশা, অলৌকিকভাবে রক্ষা

শুটিং শেষ করে বাড়ি ফেরার পথটা যে এমন আতঙ্কের হয়ে উঠবে, তা হয়তো ভাবেননি তাসনুভা তিশা। রাতের সড়কে হঠাৎই দ্রুতগতির একটি পিকআপের ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়ে তার গাড়ি। বড় ধরনের ক্ষতি না হলেও মুহূর্তের সেই ধাক্কা ভয় ধরিয়ে দেয় অভিনেত্রী ও তার সঙ্গে থাকা টিমের সদস্যদের মনে।

রবিবার (৩০ আগস্ট) মধ্যরাতে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে দুর্ঘটনার কথা জানান তাসনুভা তিশা।

অভিনেত্রী জানান, শ্রীমঙ্গলে একটি প্রজেক্টের চিত্রধারণ শেষ করে প্রাইভেট কারে করে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন তিনি ও তার টিমের সদস্যরা। ভৈরব ব্রিজ ও টোল প্লাজা পার হওয়ার পর একটি মোড়ে তাদের গাড়িটিকে সজোরে ধাক্কা দেয় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান।

ধাক্কায় গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনার পরপরই চালক পিকআপটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে, তিশাদের গাড়ির চালক মোটরসাইকেল নিয়ে পিকআপটির পিছু নেন এবং কিছুটা দূরে গিয়ে সেটি আটক করতে সক্ষম হন। এরপর পিকআপটি রাস্তায় ফেলে চালক চাবি নিয়ে পালিয়ে যান।

পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি তদারকি শুরু করে। তবে, ভয়ংকর ধাক্কার পরও বড় ধরনের কোনো ক্ষতি হয়নি তিশা বা তার সঙ্গে থাকা কারো। ফেসবুক লাইভে নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে অভিনেত্রী বলেন, ধাক্কাটি বেশ মারাত্মক ছিল। তবে, আল্লাহর রহমতে গাড়িতে থাকা তিনি, তার ফটোগ্রাফার ও সহকারীসহ সবাই বড় ধরনের বিপদের হাত থেকে অলৌকিকভাবে রক্ষা পেয়েছেন।

Exit mobile version