সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা রনজিনা পারভীন নিহত, ২ গ্রেপ্তার

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের টানে রিকশা থেকে পড়ে স্কুলশিক্ষিকা রনজিনা পারভীন (৫৫) নিহতের ঘটনায় দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব ও পুলিশ পৃথক অভিযানে আজ রোববার তাদের গ্রেপ্তার করে। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

নিহত রনজিনা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি ওই উপজেলার সোনাকানিয়া গ্রামের ময়েজ উদ্দিন সরকারের মেয়ে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, চোখের চিকিৎসার জন্য গতকাল শনিবার ভোরে বগুড়া থেকে বাসযোগে রাজধানীর গাবতলী পৌঁছান রনজিনা পারভীন। সেখান থেকে একটি রিকশায় করে তিনি ফার্মগেটের ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাচ্ছিলেন। সকাল সাড়ে ছয়টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী তার ভ্যানিটি ব্যাগ ধরে টান দেয়। এ সময় তিনি রিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পথচারীরা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Exit mobile version