পটুয়াখালীতে আইফোন কিনতে সন্তান বিক্রি: বাবা আটক, শিশু উদ্ধারে পুলিশ

পটুয়াখালীর দশমিনায় দেড় বছরের শিশুকে বিক্রি করে সেই টাকায় আইফোন কেনার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী গ্রামে।

​অভিযুক্ত ওই বাবার নাম মো. মারুফ মুন্সি। তিনি ওই গ্রামের মফিজ মুন্সির ছেলে এবং পেশায় একজন কাঠমিস্ত্রি। এ ঘটনার পর শিশুটিকে উদ্ধারে মাঠে নেমেছে পুলিশ।

​স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার (২৯ আগস্ট) সকাল ৮টার দিকে মারুফ (বাবা) তার মা মাহফুজা বেগমকে বলেন শিশু মুসাকে ঘুরতে নিয়ে যাবেন। সরল বিশ্বাসে তিনি নাতিকে সাজিয়ে মারুফের সঙ্গে দেন। তবে সন্ধ্যা গড়ালেও তারা বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।

​পরে শিশুর মামা বাহাদুর মিয়ার মাধ্যমে যোগাযোগ করা হলে মারুফ স্বীকার করেন, তিনি তার ছেলে মুসাকে আলীপুর ইউনিয়নের রামনাথসেন গ্রামের ইমরান হোসেনের কাছে এক লাখ টাকায় বিক্রি করে দিয়েছেন। বিক্রি শেষেই ঢাকায় গিয়ে পুরোনো ফোন বদলে তিনি একটি নতুন আইফোন কিনেছেন।

​শিশুটিকে কিনে নেওয়া ইমরান বলেন, ‘তার শ্বশুরের কোনো ছেলেসন্তান না থাকায় আলোচনার মাধ্যমে লিখিত চুক্তি করে এক লাখ টাকায় ওই শিশুকে কেনা হয়। এরপর শিশুটিকে তার শ্বশুরের জিম্মায় দেওয়া হয়েছে।’

​মারুফের মা মাহফুজা বেগম বলেন, ‘পারিবারিক কলহের জেরে এক মাস আগে মারুফের স্ত্রী বাপের বাড়ি চলে গেছে। এরপরই এমন মর্মান্তিক ঘটনা ঘটাল আমার ছেলে।’

​দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, ‘অভিযোগ পাওয়ার পরপরই শিশুটিকে উদ্ধারে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Exit mobile version