দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা ও সাবেক মডেল লি ইয়ং-জু মারা গেছেন। হৃদ্রোগে আক্রান্ত হয়ে গত ২৯ আগস্ট আকস্মিকভাবে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর।
ঘনিষ্ঠ এক ব্যক্তির মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতার মৃত্যুর খবরটি জানানো হয়। তার আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
২০০০-এর দশকের মাঝামাঝি সময়ে বিনোদন জগতে পা রাখেন লি ইয়ং-জু। শুরুতে ফ্যাশন র্যাম্পে মডেল হিসেবে কাজ করে পরিচিতি পান তিনি। পরে বিভিন্ন টেলিভিশন নাটকে পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনয়জগতে নিজের অবস্থান তৈরি করেন।
২০০৬ সালের জনপ্রিয় নাটক ‘প্রিন্সেস আওয়ার্স’ (Princess Hours)-এ অভিনয় করে দর্শকদের নজরে আসেন লি। পাশাপাশি দীর্ঘদিনের জনপ্রিয় কমেডি সিরিজ ‘আনগ্লি মিস ইয়ং-এ’ (Ugly Miss Young Ae)-তেও অভিনয় করেন তিনি।
তবে ২০১৩ সালের সিটকম ‘ব্লু টাওয়ার’ (Blue Tower)-এ অভিনয় তার ক্যারিয়ারে বড় সাফল্য এনে দেয়। সামরিক বাহিনীকে কেন্দ্র করে নির্মিত কমেডি সিরিজটিতে নতুন নিয়োগ পাওয়া এক সরল ও কিছুটা অদক্ষ সেনাসদস্যের চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি।
এরপর এক দশক ধরে চলচ্চিত্র ও টেলিভিশনে নিয়মিত অভিনয় করেন লি ইয়ং-জু। ২০২২ সালে সামরিকভিত্তিক কমেডি সিরিজ ‘নিউ রিক্রুট’ (New Recruit)-এ অভিনয়ের মাধ্যমে পর্দায় তার শেষ উপস্থিতি ঘটে।
