মির্জাপুরে এমপি কালাম: বিএনপি মানেই জনগণ, গণতন্ত্র ও বাংলাদেশ

“বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল-৭ মির্জাপুর সংসদীয় আসনের সংসদ সদস্য আবুল কালাম সিদ্দিকী বলেছেন ‘বিএনপি-জিয়া পরিবারকে ভালোবেসে মির্জাপুরের মানচিত্রে মির্জাপুর হাইস্কুল মাঠে জনসমুদ্রের মাঝে একত্রিত হয়ে আমরা আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানাতে চাই, বাংলাদেশের জনগণ বিএনপির সঙ্গেই আছে। বিএনপি মানেই জনগণ, বিএনপি মানেই গণতন্ত্র, বিএনপি মানেই বাংলাদেশ, তারেক রহমান মানেই আধুনিক বাংলাদেশ-নতুন বাংলাদেশ। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা মিনি স্টেডিয়ামে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত গণজমায়েত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা স্বপ্ন দেখবো, পরিকল্পনা করবো, আমাদের নেতা তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন নতুন বাংলাদেশ গড়ার সেই স্বপ্ন নিয়ে ‘করবো কাজ গড়বো দেশ সবার আগে বাংলাদেশ। আমরা জনগণকে প্রতিশ্রুতি দিতে চাই আমরা মির্জাপুরের প্রতিনিধিত্ব করি, আমরা সবার হয়ে মির্জাপুরবাসীর জন্য কাজ করবো।

গণজমায়েত অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মির্জাপুর শহরের প্রধান প্রধান সড়কে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দলসহ ১৪টি ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন। রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড এবং বাদ্যযন্ত্রের তালে তালে র‍্যালিটি পৌর শহরের গুরুত্বপুর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে মির্জাপুর বাইপাস এলাকায় গিয়ে সমাপ্ত হয়।

এদিকে দিবসটি উপলক্ষ্যে বিকেলে উপজেলা চত্ত্বরের পুকুরে পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

Exit mobile version