মিষ্টি জান্নাতের বিয়ে: স্বামীর পরিচয় নিয়ে রহস্য, ছবি পোস্ট করে ঘোষণা

লাল লেহেঙ্গা ও ভারী গয়নায় নববধূর সাজে ছবি পোস্ট করে মিষ্টি জান্নাত লিখেছেন, ‘বিয়ে করলাম। আমার নতুন জীবনের জন্য দোয়া করবেন সবাই। যদি আমি কাউকে কষ্ট দিয়ে থাকি, তার জন্য দুঃখিত।’

একই সঙ্গে পোস্টের কমেন্ট বক্সে যেন কেউ নেতিবাচক মন্তব্য না করেন, সে বিষয়েও অনুসারীদের সতর্ক করেছেন অভিনেত্রী। তবে তার বিয়ের ঘোষণায় অনুসারীদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এদিকে গণমাধ্যমকে মিষ্টি জান্নাত জানিয়েছেন, তার বিয়ে আগেই হয়েছে।

এতদিন বিষয়টি আড়ালে রেখেছিলেন তিনি। তবে এখনো স্বামীর নাম বা পরিচয় প্রকাশ করেননি অভিনেত্রী। শুধু জানিয়েছেন, তার স্বামী পেশায় একজন ব্যবসায়ী। সময়মতো স্বামীর নাম-পরিচয় প্রকাশ করবেন বলেও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, ২০১৪ সালে শাহাদাৎ হোসেন লিটনের ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় মিষ্টি জান্নাতের। এরপর ‘চিনি বিবি’, ‘আমি নেতা হবো’, ‘তুই আমার’, ‘তুই আমার রানি’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

অভিনয় দিয়ে খুব একটা সাড়া জাগাতে না পারলেও ব্যক্তিগত জীবন ও বিভিন্ন মন্তব্যের কারণে বিভিন্ন সময় খবরের শিরোনামে এসেছেন মিষ্টি জান্নাত। এবার নিজের বিয়ের খবর প্রকাশ করে আবারও আলোচনায় এলেন এই অভিনেত্রী।

Exit mobile version