গুগল এআই মোডে ভ্রমণ আরও সহজ: ফ্লাইট-হোটেল বুকিং ও খরচ ট্র্যাকিং

ভ্রমণ পরিকল্পনাকে আরও সহজ করতে সার্চের এআই মোডে নতুন বেশ কয়েকটি ফিচার যুক্ত করেছে গুগল। এর মধ্যে রয়েছে ফ্লাইটের ভাড়া ট্র্যাক করা, মাইল বা রিওয়ার্ড পয়েন্টে ফ্লাইট-হোটেলের খরচ দেখা এবং সরাসরি হোটেল বুকিংয়ের সুবিধা।

গুগল জানিয়েছে, ব্যবহারকারীরা এআই মোডে গন্তব্য ও ভ্রমণের সময় জানালে ৩০০টিরও বেশি এয়ারলাইন ও ভ্রমণসাইট থেকে ফ্লাইটের বিভিন্ন বিকল্প দেখানো হবে। এরপর কেউ চাইলে নির্দিষ্ট গন্তব্য ও তারিখের জন্য ফ্লাইটের দাম ট্র্যাক করার নির্দেশ দিতে পারবেন। ভাড়ায় পরিবর্তন হলে ই-মেইলের মাধ্যমে ব্যবহারকারীকে জানাবে গুগল।

এই মূল্য-ট্র্যাকিং সুবিধা এআই মোড যেসব দেশ ও ভাষায় চালু রয়েছে, সেসব জায়গায় পাওয়া যাবে। তবে ইউরোপীয় অর্থনৈতিক এলাকার দেশ ও অঞ্চলগুলো এর বাইরে থাকবে।

এ ছাড়া এখন থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীরা এআই মোডের মাধ্যমে ফ্লাইটের দাম মাইল বা পয়েন্টে এবং হোটেলের খরচ রিওয়ার্ড পয়েন্টে দেখতে পারবেন। ফ্লাইটের ক্ষেত্রে ব্যবহারকারীকে শুধু কোথায় ও কখন ভ্রমণ করতে চান তা জানাতে হবে। হোটেলের জন্য রিওয়ার্ড পয়েন্টে দাম দেখতে একইভাবে ভ্রমণের তথ্য দিতে হবে।

শুরুতে এই সুবিধা আলাস্কা এয়ারলাইনস/হাওয়াইয়ান এয়ারলাইনস, আমেরিকান এয়ারলাইনস, চয়েস হোটেলস ইন্টারন্যাশনাল, হিলটন এবং উইন্ডহ্যাম হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিকল্পগুলোর জন্য কাজ করবে। পরবর্তী সময়ে অ্যাকর, ফ্লাইং ব্লু, হায়াত, লাতাম এয়ারলাইনস এবং লুফথানসা গ্রুপকেও এই সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

হোটেল বুকিংয়ের ক্ষেত্রেও এআই মোডকে কাজে লাগাতে চাইছে গুগল। ব্যবহারকারী ভ্রমণের তারিখ, গন্তব্য ও নিজের পছন্দ জানালে এআই মোড বিভিন্ন হোটেলের বিকল্পের পাশাপাশি অতিথিদের রিভিউও দেখাবে। এরপর গুগল পে ব্যবহার করে সরাসরি বুকিং সম্পন্ন করা যাবে।

Exit mobile version