রাজবাড়ীতে পুলিশের সামনে নারী উদ্যোক্তাকে মারধর: ভাইরাল ভিডিও, গ্রেপ্তার ৩

রাজবাড়ী শহরের বড় বাজারের কাপড় ব্যবসায়ীদের সঙ্গে বিরোধের জেরে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানাকে মারধরের ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ। তিনি জানান, গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হবে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজবাড়ী পৌরসভার ধুঞ্চি এলাকার আব্দুল জলিলের ছেলে মো. হেলাল উদ্দিন (৩৮), ধুঞ্চি ২৮ কলোনি এলাকার মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. রুবেল হোসেন (১৯) এবং ধুঞ্চি এলাকার মৃত জমজম খানের ছেলে আব্দুল্লাহ আল সিয়াম খান (১৯)।

এর আগে সোমবার দিবাগত রাতে জাকিয়া সুলতানা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা করেন। মামলায় নয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

ওসি উত্তম কুমার ঘোষ বলেন, জাকিয়া সুলতানা থানায় মামলা করেছেন। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

গত শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে রাজবাড়ী শহরের বড় বাজারে কাপড় ব্যবসায়ীদের সঙ্গে জাকিয়া সুলতানার বিরোধের ঘটনা ঘটে। এ সময় পুলিশের উপস্থিতিতে তাকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের তথ্য ছড়ায়। কেউ কেউ জাকিয়া সুলতানাকে ম্যাজিস্ট্রেট হিসেবে পরিচয় দেন, আবার কেউ ঘটনাটিকে ভোক্তা অধিকার সংক্রান্ত অভিযানের সময় মারধরের ঘটনা বলে প্রচার করেন। তবে এসব তথ্যের মধ্যে বিভ্রান্তিকর ও গুজব ছড়ানোর অভিযোগও রয়েছে।

Exit mobile version