ফটিকছড়িতে গৃহবধূ নেহা খুন: ‘মেরে ফেলা হবে’ ভয়েস মেসেজ পেয়েছিলেন মা

চট্টগ্রামের ফটিকছড়িতে সামিহা হাকিম নেহা (১৯) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার মধ্যরাতে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কান্দিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নেহা ফটিকছড়ি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রাজু সুলতানের বাড়ির লোকমান হাকিমের মেয়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নেহার মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, এ ঘটনায় স্বামী মারুফ পারভেজসহ দুজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করে নেহার মা রুপা আকতার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

নিহতের মা রুপা আকতার অভিযোগ করে বলেন, “আমার মেয়েকে বিয়ে দেওয়ার পর থেকেই তার স্বামী ও শাশুড়ি যৌতুকের জন্য বিভিন্নভাবে নির্যাতন করতেন। ব্যবসা করার কথা বলে জামাই টাকা চাইত। আমি তাকে দুই লাখ টাকাও দিয়েছি। কিন্তু এরপরও নির্যাতন বন্ধ হয়নি। জামাই দিন-রাত মোবাইলে গেম খেলায় আসক্ত ছিল।”

তিনি আরও বলেন, “আমার মেয়ে আমাকে একটি ভয়েস মেসেজে জানায়, তাকে মেরে ফেলা হবে। সেই ভয়েস শুনে আমি মেয়ের শ্বশুরবাড়িতে ছুটে যাই। সেখানে গিয়ে দেখি, আমার মেয়েকে অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আমার মেয়েকে তারা মেরে ফেলেছে।”

ওসি জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে গৃহবধূর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Exit mobile version