বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল কর্তৃপক্ষ।
বুধবার (২ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, জ্বর, শ্বাসকষ্ট ও কাশির সমস্যায় হাসপাতালে ভর্তি রয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। তবে পূর্ণাঙ্গ চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে।
গত মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটে ৭৬ বছর বয়সী বিদ্যুৎমন্ত্রী জ্বর, শ্বাসকষ্ট ও কাশির সমস্যা নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে আসেন। তার পূর্ববর্তী রোগের ইতিহাসে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ রয়েছে। কিছুদিন আগে ব্যাংককে তার হৃদ্যন্ত্রের রক্তনালিতে স্টেন্ট (রিং) স্থাপন করা হয়েছে।
