আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন চ্যাট থিম সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী চ্যাটের ব্যাকগ্রাউন্ড সাজাতে পারবেন। নতুন সুবিধায় সাধারণ থিমের পাশাপাশি অ্যানিমেটেড ওয়ালপেপার ব্যবহারের সুযোগও থাকছে।
পছন্দের থিম সহজে খুঁজে পাওয়ার জন্য নতুন ডিজাইনগুলোকে পাঁচটি বিভাগে সাজানো হয়েছে। বিভাগগুলো হলো—ফিচারড, নেচার, লাইভ, মিনিমাল ও ডুডল।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফোর তথ্য অনুযায়ী, ফিচারড বিভাগে হোয়াটসঅ্যাপের নিজস্ব ডিজাইন টিমের নির্বাচিত থিমগুলো রাখা হয়েছে। প্রকৃতির দৃশ্য পছন্দ করেন এমন ব্যবহারকারীদের জন্য রয়েছে নেচার বিভাগ। আর অ্যানিমেটেড ওয়ালপেপার ব্যবহারের জন্য রয়েছে লাইভ বিভাগ।
মিনিমাল বিভাগে সাদামাটা নকশার থিম রাখা হয়েছে। লাইট মোডে এখানে সাদা এবং ডার্ক মোডে কালো ব্যাকগ্রাউন্ড থাকবে। এ ছাড়া হোয়াটসঅ্যাপের পরিচিত ডুডল নকশার ওয়ালপেপারগুলো রাখা হয়েছে ডুডল বিভাগে।
কোনো ওয়ালপেপার অ্যানিমেটেড কি না, তা ব্যবহারকারীরা থাম্বনেইলের ওপরের ডান দিকে থাকা ছোট ‘লাইভ’ চিহ্ন দেখে সহজেই বুঝতে পারবেন। ফিচারড বিভাগের কোনো থিমে অ্যানিমেশন থাকলেও একই চিহ্ন দেখা যাবে।
উল্লেখ্য, প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভম্যাক গত আগস্টের মাঝামাঝি হোয়াটসঅ্যাপের কোড বিশ্লেষণ করে নতুন এই থিম গ্যালারি চালুর আভাস দিয়েছিল।
বর্তমানে সুবিধাটি ধাপে ধাপে আইফোন ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। তাই অ্যাপ হালনাগাদ করার পরও সব ব্যবহারকারী একসঙ্গে নতুন সুবিধাটি নাও পেতে পারেন। সবার কাছে সুবিধাটি পৌঁছাতে আরও কিছুদিন সময় লাগতে পারে।
