আপনার দাম্পত্য জীবনকে নতুন করে সাজাতে চান? জেনে নিন ‘২-২-২’ নিয়ম!

সংসার, কর্মজীবন, সন্তান ও নানা ব্যস্ততায় অনেক সময় দম্পতিদের নিজেদের জন্য আলাদা করে সময় বের করা হয়ে ওঠে না। দিনের পর দিন একই রুটিনে চলতে গিয়ে সম্পর্কেও তৈরি হতে পারে একঘেয়েমি। এমন পরিস্থিতিতে দাম্পত্য সম্পর্কে নতুনত্ব ও ঘনিষ্ঠতা ফিরিয়ে আনতে আলোচনায় এসেছে সহজ একটি পদ্ধতি—‘২-২-২’ নিয়ম।

নাম থেকেই বোঝা যায়, এই নিয়মে প্রতি দুই সপ্তাহে একটি ডেট, প্রতি দুই মাসে একটি ছোট ভ্রমণ এবং প্রতি দুই বছরে একটি বড় ছুটির পরিকল্পনা করার কথা বলা হয়।

কী এই ‘২-২-২’ নিয়ম?

এই নিয়ম অনুযায়ী, প্রতি দুই সপ্তাহে সঙ্গীর সঙ্গে আলাদা করে কিছুটা সময় কাটানোর পরিকল্পনা করতে হবে। সেটি হতে পারে বাইরে খেতে যাওয়া, সিনেমা দেখা, একসঙ্গে হাঁটতে বের হওয়া কিংবা ঘরে বসেই গল্প করা।

এরপর প্রতি দুই মাসে দুজন মিলে ছোট কোনো ভ্রমণের পরিকল্পনা করা যেতে পারে। এজন্য দূরের কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন নেই। কাছাকাছি কোথাও একদিন ঘুরে আসা কিংবা এক রাত কাটিয়েও এই সময়টুকু উপভোগ করা সম্ভব।

আর প্রতি দুই বছরে সুযোগ ও সামর্থ্য অনুযায়ী কয়েক দিনের একটি বড় ছুটির পরিকল্পনা করা যেতে পারে। এর উদ্দেশ্য হলো দৈনন্দিন ব্যস্ততা থেকে কিছুটা দূরে গিয়ে একসঙ্গে মানসম্মত সময় কাটানো।

‘২-২-২’ নিয়মের মূল উদ্দেশ্য হলো অপেক্ষা না করে আগেই সঙ্গীর জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ রাখা। দীর্ঘদিনের সম্পর্কে একই ধরনের রুটিন থেকে একঘেয়েমি তৈরি হতে পারে। নিয়মিত একসঙ্গে সময় কাটানো, নতুন জায়গায় যাওয়া কিংবা নতুন কোনো অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার মাধ্যমে সেই একঘেয়েমি অনেকটাই কমানো সম্ভব।

বেশি খরচের প্রয়োজন নেই

এই নিয়ম মানতে গিয়ে দামি রেস্তোরাঁয় খাওয়া বা বিদেশে ভ্রমণ করার প্রয়োজন নেই। কাছের কোনো পার্কে হাঁটাহাঁটি, ছাদে বসে গল্প করা, একসঙ্গে রান্না করা কিংবা পছন্দের সিনেমা দেখাও হতে পারে দুজনের বিশেষ সময়।

এ ক্ষেত্রে মূল বিষয় অর্থ খরচ নয়, বরং ব্যস্ততার মধ্যেও সঙ্গীকে গুরুত্ব দিয়ে তার সঙ্গে সময় কাটানো।

নিজের সুবিধামতো বদলে নিতে পারেন

সব দম্পতির পক্ষে প্রতি দুই সপ্তাহে ডেট, প্রতি দুই মাসে ভ্রমণ কিংবা প্রতি দুই বছরে বড় ছুটির পরিকল্পনা করা সম্ভব নাও হতে পারে। তাই ‘২-২-২’ নিয়মকে কঠোর কোনো নিয়ম হিসেবে না দেখে নিজেদের সময়, সামর্থ্য ও পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নেওয়াই ভালো।

দুই মাসে ভ্রমণ সম্ভব না হলে একদিনের জন্য কোথাও ঘুরে আসা যেতে পারে। আবার দীর্ঘ ছুটি নেওয়া সম্ভব না হলে কয়েক দিনের ছোট বিরতিও হতে পারে বিকল্প।

শেষ পর্যন্ত ‘২-২-২’ নিয়মের মূল কথা হলো—ব্যস্ততার মধ্যেও সঙ্গীর জন্য আলাদা সময় বের করা। কারণ দাম্পত্য জীবন শুধু একই ছাদের নিচে থাকা নয়; পরস্পরের সঙ্গে কথা বলা, একসঙ্গে সময় কাটানো এবং নতুন স্মৃতি তৈরি করাও একটি সুস্থ ও সুন্দর সম্পর্কের গুরুত্বপূর্ণ অংশ।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Exit mobile version