বাংলাদেশের যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে সহযোগিতা আরো জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে ইসলামিক উন্নয়ন ব্যাংক (আইএসডিবি)। দেশের সড়ক, রেল ও নৌপরিবহন খাতের উন্নয়নে পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করে ভবিষ্যতে একসঙ্গে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে উভয়পক্ষ।
সচিবালয়ে আজ বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে ইসলামিক উন্নয়ন ব্যাংক গ্রুপের চেয়ারম্যান ড. মোহাম্মদ আল জাসেরের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, চলমান প্রকল্প, ভবিষ্যৎ পরিকল্পনা এবং উন্নয়ন সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে সাক্ষাৎকালে মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি ও উন্নয়নকে আরও গতিশীল করতে উন্নত, নিরাপদ ও টেকসই যোগাযোগ অবকাঠামো গড়ে তোলাকে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সড়ক, রেল ও নৌপথের সমন্বিত উন্নয়নের মাধ্যমে অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থা শক্তিশালী করার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক যোগাযোগ সম্প্রসারণে সরকার কাজ করছে।
এসময় তিনি বলেন, বাংলাদেশের যোগাযোগ খাতে ব্যাপক সম্ভাবনা রয়েছে। জনগণের ক্রমবর্ধমান চাহিদা পূরণ, যানজট নিরসন, পরিবহন ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে নতুন প্রকল্পের পাশাপাশি বিদ্যমান অবকাঠামোর আধুনিক ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে ইসলামিক উন্নয়ন ব্যাংকের অর্থায়ন, অভিজ্ঞতা ও কারিগরি সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সড়ক মন্ত্রী আরো বলেন, বাংলাদেশের সঙ্গে ইসলামিক উন্নয়ন ব্যাংকের সম্পর্ক দীর্ঘদিনের এবং পারস্পরিক আস্থার ভিত্তিতে গড়ে উঠেছে। বাংলাদেশের অগ্রাধিকারভিত্তিক অবকাঠামো প্রকল্পে ভবিষ্যতে এ সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ইসলামিক উন্নয়ন ব্যাংক গ্রুপের চেয়ারম্যান ড. মোহাম্মদ আল জাসের বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা ও অবকাঠামো খাতের অগ্রগতির প্রশংসা করে বলেন, বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। কৌশলগত ভৌগোলিক অবস্থান ও ক্রমবর্ধমান অর্থনৈতিক সক্ষমতাকে কাজে লাগাতে উন্নত যোগাযোগ অবকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
