চীনা ব্যবসায়ীর ১ কোটি টাকা নিয়ে চালক উধাও, মেসেজে লিখলেন: ‘সারা জীবন কৃতজ্ঞ থাকব

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক চীনা পোশাক ব্যবসায়ীর গাড়ি থেকে এক কোটি টাকা নিয়ে গাড়িচালক পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত চালক জাহিদ হাসানের বিরুদ্ধে গতকাল বুধবার রূপগঞ্জ থানায় মামলা হয়েছে।

ল্যাভেন্ডার ফ্যাশন লিমিটেডের প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) আকরামুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় জাহিদ হাসানকে (৩০) আসামি করা হয়েছে। তিনি ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানার কুলবাড়িয়া এলাকার বাসিন্দা।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ এপ্রিল থেকে জাহিদ হাসান ল্যাভেন্ডার ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান চীনা নাগরিক ইউ শ্যালীর গাড়িচালক হিসেবে কাজ করছিলেন। গত মঙ্গলবার গাজীপুরের রাজেন্দ্রপুরে একটি কারখানায় কাজ শেষে চেয়ারম্যানকে গাড়িতে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।

 

পথে সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে রূপগঞ্জের পূর্বাচল ক্যাডেট ক্লাব হোটেলের সামনে গাড়ি থামান জাহিদ। পরে ইউ শ্যালী খাবার খেতে হোটেলের ভেতরে চলে যান। এই সুযোগে চালক গাড়িটি গুলশানের লে ডি’অর কফিশপের পার্কিংয়ে রেখে এক কোটি টাকা থাকা ব্যাগ নিয়ে পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

 

খাওয়া শেষে হোটেল থেকে বের হয়ে ইউ শ্যালী গাড়ি ও চালককে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে চালকের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

 

এর কিছু সময় পর চেয়ারম্যানের মুঠোফোনে একটি খুদে বার্তা পাঠান জাহিদ হাসান। সেখানে তিনি দুঃখ প্রকাশ করে লিখেছেন, ‘আমি দুঃখিত স্যার। আমাকে ভুলে যাবেন। আপনার গাড়ি লে ডি’অর কফিশপের পার্কিংয়ে রেখে গেছি। আমি আপনার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকব। ওপরওয়ালা জানেন, আমি জীবনে কারও বিশ্বাস ভঙ্গ করিনি। তবে আমাকে এটি করতে বাধ্য করা হয়েছে। আমি জানি না, বাঁচব কি না। যদি বেঁচে থাকি, আপনার টাকা ফেরত দেব। আমি এখন কাঁদছি। কারণ, আমি বিশ্বাস ভঙ্গ করেছি।’

 

মামলার বাদী আকরামুল ইসলাম জানান, পরে গুলশানের লে ডি’অর কফিশপের পার্কিং থেকে গাড়িটি উদ্ধার করা হয়। তবে গাড়ির পেছনের ডালায় রাখা এক কোটি টাকার ব্যাগটি পাওয়া যায়নি।

 

আকরামুল আরও জানান, ওই চীনা নাগরিক প্রায় ১০ বছর ধরে বাংলাদেশে পোশাক তৈরির ব্যবসার সাথে যুক্ত। গাজীপুরে তার চারটি প্রতিষ্ঠান রয়েছে। তিনি গুলশানে বসবাস করেন। বাংলাদেশ ছাড়াও অন্যান্য দেশেও তার ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।

রূপগঞ্জ সার্কেলের (গ-সার্কেল) সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম গণমাধ্যমে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্ত চালককে গ্রেপ্তার এবং টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

 

Exit mobile version