দায়িত্ব পালনে ব্যর্থতার, নিয়োগ বাতিলের দাবি

পিলখানা হত্যাযজ্ঞের তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গত রোববার প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দেওয়ার পর থেকে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশের শীর্ষ মহলে।

প্রতিবেদনে বলা হয়েছে, উল্লিখিত ঘটনার পেছনে পুলিশ ও র‌্যাব এবং রাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোরও রয়েছে চরম ব্যর্থতা। ওই সময় পুলিশের বিশেষ শাখার (এসবি) দায়িত্বে থাকা বর্তমানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকেও এ ঘটনায় অভিযুক্ত করা হয়েছে। আলোচিত এ ঘটনায় অভিযুক্ত একজন ব্যক্তিকে পুলিশের শীর্ষ পদে বহাল রাখাটা কতটা যৌক্তিক, সেটা নিয়েই শুরু হয়েছে তোলপাড়।

গতকাল বৃহস্পতিবার সচিবালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র থেকে বিরাজমান এই পরিস্থিতির কথা জানা গেছে। সূত্র মতে, যে কোনো মুহূর্তে আইজিপি পদ থেকে তাকে সরিয়ে দিয়ে আইনের আওতায় আনা হতে পারে। বাহারুলের এক মেয়েও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ পদে আছেন। তাকেও সেখান থেকে সরিয়ে নেওয়া হতে পারে বলে জানা গেছে। কারণ পিলখানা হত্যাকা- তদন্তে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে আইজিপি বাহারুলের বিরুদ্ধে গুরুতর মন্তব্য এসেছে। দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

এদিকে বিদ্রোহের নামে পিলখানায় সেনা কর্মকর্তাদের হত্যাযজ্ঞের ঘটনায় তদন্ত কমিশনের প্রতিবেদনে দায়ীদের তালিকায় নাম আসায় আইজিপি বাহারুল আলমকে অপসারণ ও তার বিচারের দাবিতে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে ‘শহিদ পিন্টু স্মৃতি সংসদ’ নামের একটি সংগঠন। অন্যদিকে আইজিপির অপসারণে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়। সুপ্রিম কোর্টের তিন আইনজীবী এ নোটিশ পাঠান। তারা হলেন- অ্যাডভোকেট মো. আব্দুস সামাদ, অ্যাডভোকেট শাহিন হোসেন ও অ্যাডভোকেট মো. আতিকুর রহমান।

পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে নারকীয় হত্যাকা-ের ঘটনায় তদন্ত কমিশনের প্রতিবেদনে দায়ীদের তালিকায় নাম আসায় আইজিপি বাহারুল আলমকে অপসারণ ও তার বিচারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে ‘শহিদ পিন্টু স্মৃতি সংসদ’ নামের একটি সংগঠন। সংগঠনের সভাপতি ফরহাদ আহমেদ ডলার ও সাধারণ সম্পাদক আলমগীর কবির সেলিম স্বাক্ষরিত স্মারকলিপিটি গতকাল বৃহস্পতিবার বিকেলে মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়।

জানা গেছে, পিলখানায় তৎকালীন বিডিআর হত্যাকা-ের পর বিএনপির সাবেক সংসদ সদস্য (ঢাকা-৮) নাসিরুদ্দিন আহমেদ পিন্টুকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তিনি কারাগারে মারা যান। এক সময়ের প্রভাবশালী এই রাজনীতিবিদের স্মরণে ‘শহিদ পিন্টু স্মৃতি সংসদ’ দীর্ঘদিন ধরে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল বিকেল ৩টায় ‘শহিদ পিন্টু স্মৃতি সংসদের’ ব্যানারে পলাশী মোড় থেকে তিন শতাধিক মানুষ একটি মিছিল শুরু করেন। সাবেক বিএনপি নেতা পিন্টুর হত্যার বিচারের দাবিতে আয়োজিত এই মিছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশে রওনা হয়। মিছিলকারীরা আইজিপি বাহারুল আলমকে অভিযুক্ত করে স্লোগান দেন‘আইজিপি বাহারুলের ফাঁসি চাই, বিচার চাই’। সংগঠনের নেতারা জানান, তারা মন্ত্রণালয়ে গিয়ে পিন্টু হত্যার বিচার দ্রুত সম্পন্নের দাবিতে স্মারকলিপি দেন।

আইজিপি বাহারুল আলমকে সরিয়ে দিতে লিগ্যাল নোটিশ : বিডিআর হত্যাযজ্ঞের ঘটনায় জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে দায়ীদের তালিকায় নাম আসায় আইজিপি বাহারুল আলমকে অপসারণ করতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ও আইন মন্ত্রণালয়ের সচিবকে এ নোটিশ পাঠানো হয়। গতকাল সুপ্রিম কোর্টের তিন আইনজীবী এ নোটিশ পাঠান। নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে বাহারুল আলমকে অপসারণ করতে বলা হয়েছে, না হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

Exit mobile version