পানি ও খাবারের অভাবে পেট্রোল পান, ২ বাংলাদেশি নিহত

গ্রিসে নৌপথে অনুপ্রবেশের চেষ্টা করার সময় তীব্র শীত, ক্ষুধা এবং পানিশূন্যতার কারণে দুই বাংলাদেশি নিহত এবং প্রায় ৪০ জন গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন সুনামগঞ্জের দিরাই উপজেলার আব্দুস মিয়ারের ছেলে শাকিব আহমেদ শুভ ও জিতু উল্লাহর ছেলে সায়েম আহমেদ।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, তারা ২৬ নভেম্বর লিবিয়া থেকে গ্রিসের উদ্দেশ্যে ছোট একটি নৌকায় যাত্রা শুরু করেন। মাঝ সমুদ্রে নৌকায় ছিদ্র হয়ে পানি প্রবেশ করে এবং নৌকায় পর্যাপ্ত খাবার ও পানি না থাকার কারণে অনেকেই মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। জীবনের ঝুঁকি এড়াতে বোতলে থাকা পেট্রোল পান করায় দুই জনের মৃত্যু হয়েছে, এছাড়াও অনেকে গুরুতর অসুস্থ।

গ্রিসের কোস্টগার্ড ও স্থানীয় পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে একজনের কিডনিতে জটিলতা দেখা দিয়েছে এবং তিনি ডায়ালাইসিসে রয়েছেন। বাকিদের অবস্থা ধীরে ধীরে স্থিতিশীল হওয়ায় দুই দিনের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে।

এথেন্সের বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব রাবেয়া বেগম বলেন, মানবপাচারকারীদের হাত থেকে দূরে থাকতে এবং সমুদ্রপথে অবৈধভাবে গ্রিসে যাওয়ার চেষ্টা না করতে সবাইকে সতর্ক করা হয়েছে। নিহত দুই যুবকের মরদেহ দেশে পাঠানোর জন্য আইনি প্রক্রিয়া চলছে।

Exit mobile version