রাঙামাটিতে কাপ্তাই হ্রদে কায়াকিং করতে গিয়ে পানিতে ডুবে মো. ইফরাত (২৬) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। সে ঢাকার পুরাতন নাজির বাজার এলাকার মো. ওয়াসিমের ছেলে।
আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে বেলা সোয়া ১১টার দিকে ওই পর্যটকের মৃতদেহ উদ্ধার করেন।
রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইন্সপেক্টর মুর্শিদুল ইসলাম জানান, রাঙামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নের ‘স্বর্গদ্বীপ আইল্যান্ড’ নামক রিসোর্টে বন্ধুদের সাথে ঘুরতে আসেন ইফরাত। আজ শনিবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে ইফরাত ও তার ছয় বন্ধু মিলে কাপ্তাই হ্রদে কায়াকিং করতে গিয়েছিলেন নৌকা উল্টে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হন।
এসময় তার গায়ে কোনো লাইভ জ্যাকেট ছিল না। সংবাদ পেয়ে রাঙামাটি ফায়ার স্টেশনের ডুবুরি দলের লিডার গিয়াস উদ্দিনের নেতৃত্বে একটি টিম ঘটনা স্থলে পৌছায়। প্রায় আধাঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়।
