জাতীয়ঢাকানির্বাচনবিএনপিরাজনীতি

গুলশানের পথে তারেক রহমান

রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে গুলশান বাস ভবনের দিকে রওনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে তাকে বহনকারী বাসটি এভারকেয়ার হাসপাতাল ত্যাগ করে।

এর আগে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে দিকে এভারকেয়ার হাসপাতালে যান তারেক রহমান। তারেক রহমানকে বহনকারী বাসটি এভারকেয়ার হাসপাতাল গেটের সামনে পৌঁছালে তিনি বাস থেকে নেমে যান। এরপর সেখান থেকে হেঁটে হাসপাতালের ভেতরে প্রবেশ করেন। এসময় তার সঙ্গে ছিলেন দলের শীর্ষ নেতারা। তারেক রহমান হাসপাতালে আসার কিছুক্ষণ আগে সেখানে পৌঁছান তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

হাসপাতাল থেকে বের হয়ে তারেক রহমান গুলশানের ১৯৬ নম্বর বাসায় উঠবেন বলে জানা গেছে।

এর আগে দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেই রাজধানীর ৩০০ ফিটে গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে দেশবাসীর উদ্দেশে বক্তব্য দিয়েই মাকে দেখতে হাসপাতালে ছুটে যান তারেক রহমান।

এদিন, গণসংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তারেক রহমান বলেন, প্রিয় ভাই-বোনেরা, সন্তান হিসেবে আমার মন আমার মায়ের বিছানার পাশে পড়ে আছে, সেই হাসপাতালের ঘরে। কিন্তু সেই মানুষটি যাদের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন— অর্থাৎ আপনারা, এই মানুষগুলোকে আমি কোনোভাবেই ফেলে যেতে পারি না।

সেজন্যই আজ হাসপাতালে যাওয়ার আগে আপনাদের প্রতি এবং টেলিভিশনগুলোর মাধ্যমে যারা সমগ্র বাংলাদেশে আমাকে দেখছেন—আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আজ আমি এখানে দাঁড়িয়েছি।

এদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পথে পথে জনস্রোত ঠেলে পূর্বাচলের ৩০০ ফিটের সংবর্ধনাস্থলে আসে তারেক রহমানের গাড়িবহর। এসময় নেতাকর্মীদের মধ্যে বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা যায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button