গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী আল মামুন।
শুক্রবার নিজের নির্বাচনী এলাকা গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ, বড়বিল ও আলমবিদিতর ইউনিয়নে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছেন আল মামুন।
এর আগে বৃহস্পতিবার গঙ্গাচড়া উপজেলার মর্ণেয়া ও লক্ষিটারী ইউনিয়নে প্রচারণা চালিয়েছেন এনসিপির এই প্রার্থী।
এনসিপির এই প্রার্থী তার নির্বাচনী এলাকা গঙ্গাচড়া উপজেলা ও রংপুর সিটি করপোরেশনের ১ থেকে ৯ নং ওয়ার্ডে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনগণের মাঝে সচেতনা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছেন।
এ বিষয়ে এনসিপির প্রার্থী আল মামুন জানান, বাংলাদেশে যেন সব মানুষের অধিকার অক্ষুণ্ণ থাকে। বিগত সময়ের অপশাসন যেন আর দেখতে না হয়। সেজন্য আমি গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণজোয়ার সৃষ্টি ও জনসচেতনা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছি।
