মো আমানউল্লাহ: ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা পৌরসভায় মা ও শিশু সহায়তা কর্মসূচি “বাস্তবায়ন নির্দেশিকা-২০২৪” বিষয়ক পৌরসভা কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন কসবা উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ ছামিউল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, মা ও শিশু সহায়তা কর্মসূচি সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক নিরাপত্তামূলক উদ্যোগ। এই কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত মা ও শিশুদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। তাই প্রকল্পের আওতাভুক্ত সকল কার্যক্রম যথাযথভাবে, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে বাস্তবায়ন করা সংশ্লিষ্ট সকলের দায়িত্ব।
তিনি আরও বলেন, বাস্তবায়ন নির্দেশিকা-২০২৪ অনুযায়ী প্রকল্পের কার্যক্রম পরিচালনা করতে হবে এবং উপকারভোগী নির্বাচন, আর্থিক সহায়তা প্রদান, তদারকি ও প্রতিবেদন প্রণয়নের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম যেন না ঘটে সেদিকে বিশেষভাবে নজর রাখতে হবে। এ সময় তিনি মাঠপর্যায়ে কাজ করা কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
প্রশিক্ষণ কর্মশালায় মা ও শিশু সহায়তা কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য, বাস্তবায়ন প্রক্রিয়া, পৌরসভা কমিটির ভূমিকা, উপকারভোগী নির্বাচন পদ্ধতি, প্রকল্পের অর্থ ব্যবস্থাপনা, মনিটরিং ও মূল্যায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের জন্য দিকনির্দেশনামূলক উপস্থাপনা প্রদান করা হয়।
এতে কসবা উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, পৌরসভা কমিটির সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন বলে আয়োজকরা জানান।
কর্মশালাটি মা ও শিশু সহায়তা কর্মসূচির কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।
