আচরণবিধি লঙ্ঘন: পাবনা-৩ আসনের বিএনপি প্রার্থীকে শোকজ

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পাবনা-৩ আসনে বিএনপির প্রার্থী হাসান জাফির তুহিনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

শনিবার আসনটির নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান পাবনার সিনিয়র সিভিল জজ আদালতের বিচারক সঞ্চিতা ইসলাম এ নোটিশ দেন।

নোটিশে আগামী ২০ জানুয়ারি নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে স্ব-শরীরে হাজির হয়ে আইন লঙ্ঘনের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে লিখন সরকার নামের ফেসবুক আইডিসহ বেশকিছু ফেসবুক আইডি থেকে ধানের শীষের ভোট চেয়ে এবং স্লোগান দিয়ে স্থিরচিত্রসহ ভিডিও প্রচার করা হচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনের তিন সপ্তাহ আগে নির্বাচনি প্রচার শুরু করার কোনো সুযোগ নেই। সেই হিসেবে এ ধরনের কার্যক্রম সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন ও শাস্তিযোগ্য অপরাধ।

এ বিষয়ে হাসান জাফির তুহিনের নির্বাচনি প্রচারণা কমিটির অন্যতম সদস্য ডা. আহমেদ মোস্তফা নোমান বলেন, ‘আমাদের আগোচরে অতিউৎসাহী কিছু কর্মী-সমর্থকরা এমন কাজ করেছেন। প্রার্থীসহ আমরা নির্ধারিত দিনে আদালতে উপস্থিত হয়ে লিখিতভাবে জবাব দেব।’

Exit mobile version