জাতীয়ফরিদপুরবাংলাদেশ

১২৫ কোটি টাকা মূল্যের বিরল কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ১

ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায় র‍্যাবের অভিযানে প্রায় ১২৫ কোটি টাকা মূল্যমানের একটি বিরল কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত অভিযোগে সাদ্দাম শেখ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০।

রবিবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে আলফাডাঙ্গা থানাধীন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বুড়াইচ গ্রাম থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিষ্ণু মূর্তিটির ওজন ১১৮.৬ কেজি, যা প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ধারণা করা হচ্ছে।

র‍্যাব সূত্রে জানা যায়, র‍্যাব-১০ সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার তরিকুল ইসলাম–এর নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে আকুবর আলী শেখের পুকুরপাড়ে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিটি উদ্ধার করা হয়।

অভিযানের সময় আকুবর শেখের ছেলে সাদ্দাম শেখ পালানোর চেষ্টা করলে র‍্যাব সদস্যরা তাকে ধাওয়া করে আটক করেন।
পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রাখা হয়েছিল মূর্তিটি।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত বিষ্ণু মূর্তিটি দীর্ঘদিন ধরে গোপনে সংরক্ষণ করা হয়েছিল। পরিকল্পিতভাবে চুরি করে এটি অন্যত্র পাচারের উদ্দেশ্যে রাখা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।

মূর্তি উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে এবং পরে আলফাডাঙ্গা থানায় স্থানীয় লোকজনের ব্যাপক ভিড় জমে যায়।
আটকের বিরুদ্ধে হত্যা ও চুরি সহ একাধিক মামলা, র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, আটক সাদ্দাম শেখের বিরুদ্ধে হত্যা, চুরি সহ একাধিক মামলা রয়েছে। সে একটি সংঘবদ্ধ চোরাচালান চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উদ্ধারকৃত বিষ্ণু মূর্তিটি পরবর্তীতে আলফাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসানাত খান বলেন, “আটক ব্যক্তির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। উদ্ধারকৃত মূর্তির বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

স্থানীয় সচেতন মহল ও প্রত্নসম্পদ সংশ্লিষ্টরা মনে করছেন, উদ্ধার হওয়া কষ্টি পাথরের এই বিষ্ণু মূর্তিটি দেশের গুরুত্বপূর্ণ প্রত্নসম্পদ হতে পারে। তদন্ত শেষে এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করে যথাযথভাবে সংরক্ষণের দাবি জানিয়েছেন তারা।

বিশেষ প্রতিনিধি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button