উইজডেনের বর্ষসেরা টি-২০ দলে মোস্তাফিজ

স্বীকৃত টি-টোয়েন্টিতে ২০২৫ সালের সর্বোচ্চ উইকেট শিকারিদের মধ্যে মোস্তাফিজুর রহমানের নাম খুঁজবেন? সেরা দশেও পাবেন না। কাটার মাস্টার ৪৩ ম্যাচে ৫৯ উইকেট শিকার করেছেন। মোস্তাফিজ সেরাদের কাতারে প্রভাব রাখায়। অন্তত ১৫০ ওভার বল করেছেন, এমন ক্রিকেটারদের মধ্যে ফিজের চেয়ে ভালো গড় ও ভালো ইকোনমি কারো নেই।

ফিজ ৫৯ উইকেট শিকার করেছেন ১৮.০৩ গড় ও ৬.৭৮ ইকোনমিতে। এই পারফরম্যান্স দিয়ে উইজেডেনের ২০২৫ সালের বর্ষসেরা টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছেন বাংলাদেশি পেসার। তার ৫৯ উইকেটের মধ্যে ২৬টি বাংলাদেশের জার্সিতে।

উইজডেনের বর্ষসেরা দলে দুই ওপেনার হলেন- অভিষেক শর্মা ও ফিল সল্ট। ২০২৫ সালের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষে না থাকলেও অভিষেক ৪১ ম্যাচে ১৬০২ রান করেছেন দুশোর বেশি স্ট্রাইকরেটে। দ্বিতীয় সর্বোচ্চ ৩টি শতকও হাঁকিয়েছেন তিনি। তার অর্ধেক রান করাদের কারো দুশো স্ট্রাইকরেট নেই। রানের হিসাবে অভিষেকের পরেই সল্ট। ইংল্যান্ড ওপেনার ১৫৭৫ রান করেছেন ৫৩ ম্যাচে।

ওয়ানডাউনে দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ব্যাটার দেওলাদ ব্রেভিস। ২০২৫ সালে ১৮১ স্ট্রাইকরেটে এই ব্যাটার করেছেন ১২০০ রান। এরপর আছেন ইংল্যান্ডের স্যাম কারেন, ২০২৫ সালে ব্যাট ও বল দুইক্ষেত্রেই বিশাল অবদান তার। ১৫২১ রান করার পাশাপাশি ৫১টি উইকেট নিয়েছেন তিনি। সর্বোচ্চ ৮৮ রানের ইনিংস খেলা এই অলরাউন্ডারের ব্যাটিং স্ট্রাইকরেট ১৪৩।

পরের তিনটি নাম দনোভান ফেরেইরা, টিম ডেভিড ও সুনিল নারিন। ফেরেইরা ৮০৯ রান করেছেন ১৮৭ স্ট্রাইকরেটে, বল হাতে নিয়েছেন ১৩টি উইকেটও। ডেভিড ১৭৩ স্ট্রাইকরেটে করেছেন ১২৩১ রান। ব্যাট হাতে ৩৯৫ রান করা নারিন উইকেট নিয়েছেন ৩৬টি। আরেকজন মিস্ট্রি স্পিনার বরুন চক্রবর্তী।

জেসন হোল্ডার ২০২৫ সালে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন। ৬৯ ম্যাচ খেলে নিয়েছেন ৯৭ উইকেট। অবধারিতভাবেই দলে জায়গা পেয়েছেন তিনি। আর আছেন ৫৮ উইকেট নেওয়া কিউই পেসার জ্যাকব ডাফি।

বর্ষসেরা দল
অভিষেক শর্মা, ফিল সল্ট, দেওলাদ ব্রেভিস, স্যাম কারেন, দনোভান ফেরেইরা, টিম ডেভিড, সুনিল নারিন, জেসন হোল্ডার, জ্যাকব ডাফি, মোস্তাফিজুর রহমান ও বরুন চক্রবর্তী।

Exit mobile version