মুন্সীগঞ্জ-০১ (সিরাজদিখান–শ্রীনগর) আসনে নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই বিএনপির প্রতীক ধানের শীষের পক্ষে ব্যাপক জনসমর্থন লক্ষ্য করা গেছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ২টার পর থেকে সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার অন্তর্গত ২৮টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বিএনপি নেতা-কর্মী ও সমর্থকেরা গণমিছিল করেন।
হাট-বাজার, সড়ক ও বিভিন্ন জনবহুল এলাকায় এসব গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারীরা মুন্সীগঞ্জ-০১ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ’র পক্ষে স্লোগান দেন এবং সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন।
এরই ধারাবাহিকতায় বিকাল ৪টায় শ্রীনগর উপজেলার চকবাজার থেকে বাইপাস সড়ক পর্যন্ত গণমিছিলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন শেখ মোঃ আব্দুল্লাহ।
গণমিছিলে স্থানীয় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অনেকেই প্রার্থীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়ন, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
নিজস্ব প্রতিবেদক
