বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক ওয়ার্ড সভাপতিকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিএনপি প্রার্থী হারুনুর রশীদের ছেলে রুবাইয়াত ইবনে হারুন রাফির ওপর। এজন্য তাকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে তলব করেছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।
গতকাল (মঙ্গলবার, ২৭ জানুয়ারি) নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি চাঁপাইনবাবগঞ্জ-৩ এর চেয়ারম্যান এবং সিভিল জজ মো. মেহেদী হাসান এ তলব আদেশ জারি করেন।
আদেশে বলা হয়, কমিটি বরাবর মোহাম্মদ নজরুলের ইসলামের লিখিত অভিযোগের প্রেক্ষিতে বেআইনি কার্যক্রম পরিচালনা করার কারণে কেন নির্বাচন কমিশন বরাবর সুপারিশ প্রদান করা হবে না, তা আগামী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করতে হবে। এ কারণ দর্শানোর নোটিশ বা শোকজ জারি করে প্রতিবেদন জমাদানের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসিকে নির্দেশ দেয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৫ জানুয়ারি সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের পৌর এলাকার নামোশংকরবাটি এলাকায় ধানের শীষের প্রার্থী হারুনুর রশীদ ও তার স্ত্রী সৈয়দা আশিফা আশরাফী পাপিয়ার উপস্থিতিতে জামায়াত নেতা আজিজুল হক নূরের ওপর হামলা চালানো হয়। অভিযোগ অনুযায়ী, হারুনুর রশীদের ছেলে রুবাইয়াত ইবনে হারুন রাফি আজিজুল হক নুরের নামের ওই নেতার কলার ধরে মারধর করেন।
এ ঘটনার প্রতিবাদে ওইদিন রাতেই জেলা শহরের নতুনহাট মোড়ে বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামী।
