নিজস্ব প্রতিবেদক
অপহরণের দুই দিন পর অবশেষে মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন কক্সবাজারের টেকনাফের অপহৃত ছয় কৃষক।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন চন্দ রুদ্র এ তথ্যটি নিশ্চিত করেছেন।
মুক্তিপণে ফিরে আসা অপহৃত কৃষকরা হলেন: টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মিনা বাজার এলাকার বাসিন্দা যথাক্রমে সোলতান ফকিরের ছেলে মো. জমির (৬২), এজাহার হোছনের ছেলে মো. আলম (১৮), শামশুল আলমের ছেলে জাহেদ হোছন ওরফে মুন্না (৩০), রবিউল আলমের ছেলে মো. শফিউল আলম (১৩) এবং একই ইউনিয়নের কম্বনিয়া পাড়াস্থ আশ্রয় কেন্দ্র এলাকার মোজাহার মিয়া (৫০) ও তার ছেলে মোস্তাক (১২)।হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন চন্দ রুদ্র বলেন, গত মঙ্গলবার সকালে হোয়াইক্যং ইউনিয়নের মিনা বাজার পাহাড়ী এলাকা থেকে ৬ কৃষককে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর পর থেকে তাদের উদ্ধারে পাহাড়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। পরে বৃহস্পতিবার রাত ৮টায় অপহৃত ৬ কৃষক ঘরে ফিরেছেন জনপ্রতিনিধি নিশ্চিত করেছেন। ছয় কৃষককে ছাড়াতে ৬ লাখ টাকার মতো অপহরণকারিদের মুক্তিপণ দিয়েছে বলে শোনা গেছে।
খোকন চন্দ্র রুদ্র বলেন, প্রাথমিক নানা তথ্য সংগ্রহ করা হয়েছে। অনেক কিছু এখন বলা যাচ্ছে না। তদন্ত এবং অপরাধীদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।হোয়াইক্যং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চৌকিদার আক্তার বলেন, অপহৃত ৬ কৃষক মুক্তিপণে ফিরে এসেছে। বর্তমানে তারা স্ব স্ব বাড়িতে আছেন।
হোয়াইক্যং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ জালাল বলেন, ‘বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ী নির্জন এলাকায় অপহৃত ব্যক্তিদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করা হয়। পরবর্তীতে পাহাড়ী তলাজুড়ি পানির ছড়ায় তাদের ছেড়ে দেওয়া হয়। পাহাড়ী পথ চেনা-জানা থাকায় নিজেরাই হেঁটে বাড়িতে ফিরে আসেন’।
এর আগে গত মঙ্গলবার কৃষিকাজ ও লাকড়ীর জন্য গিয়ে হোয়াইক্যং ইউনিয়নের মিনা বাজার পাহাড়ী এলাকা থেকে অস্ত্রের মুখে ৬ কৃষককে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
