ফাহাদ মোল্লা
আন্তর্জাতিক বাজারে টানা দরপতনের প্রভাবে দেশের বাজারেও বড় ধাক্কা খেয়েছে সোনার দাম। মাত্র দুই দফায় ভরিপ্রতি সোনার দাম ৩০ হাজার টাকার বেশি কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বছরের শুরু থেকেই একের পর এক রেকর্ড গড়ে ঊর্ধ্বমুখী থাকা সোনার দামে হঠাৎ করেই বড় পতন দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার সকালে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম সাড়ে ৫ হাজার ডলারের মাইলফলক ছাড়ালেও পরদিনই দরপতন শুরু হয়। শুক্রবার (৩০ জানুয়ারি) এক ধাক্কায় প্রায় ৮ দশমিক ২২ শতাংশ কমে যায় সোনার দাম, যা শনিবার (৩১ জানুয়ারি) পর্যন্ত অব্যাহত রয়েছে।
শনিবার বেলা সোয়া ১২টার দিকে স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম দাঁড়ায় ৪ হাজার ৮৯৩ দশমিক ২ ডলার। রেকর্ড দামে পৌঁছানোর পর মাত্র দুই দিনের ব্যবধানে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম কমেছে প্রায় ৬৬০ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৮০ হাজার ৫০০ টাকারও বেশি। এত অল্প সময়ে এমন বড় দরপতন বিশ্ববাজারে নতুন অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
খাতসংশ্লিষ্টদের মতে, যুক্তরাষ্ট্র ও ন্যাটোর মধ্যে গ্রিনল্যান্ড ইস্যুতে টানাপোড়েন, ইরানসহ মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এবং সামগ্রিক ভূরাজনৈতিক উত্তেজনার কারণে সাম্প্রতিক সময়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা বেড়ে যায়। এতে দ্রুত বাড়তে থাকে দাম। তবে রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর বিনিয়োগকারীরা মুনাফা তুলে নিতে শুরু করায় হঠাৎ করেই দরপতন দেখা দেয়।
বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রের ডলার শক্তিশালী হওয়া এবং সুদের হার দীর্ঘ সময় উচ্চ থাকতে পারে—এমন ইঙ্গিতও সোনার দামের ওপর চাপ সৃষ্টি করছে। এর সঙ্গে স্বাভাবিক মূল্য সংশোধন যুক্ত হয়ে সাম্প্রতিক এই বড় দরপতন ঘটেছে।
বিশ্ববাজারের এই দরপতনের সরাসরি প্রভাব পড়েছে দেশের বাজারে। শুক্রবার ভরিতে ১৪ হাজার ৬৩৯ টাকা কমানোর পর শনিবার (৩১ জানুয়ারি) আরও বড় কাটছাঁটের ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এদিন প্রতি ভরিতে সর্বোচ্চ ১৫ হাজার ৭৪৬ টাকা পর্যন্ত দাম কমানো হয়। ফলে মাত্র দুই দফায় ভরিপ্রতি সোনার দাম কমেছে ৩০ হাজার টাকারও বেশি।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৪ হাজার ১১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ১৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা। বাজুস জানায়, শনিবার সকাল ১০টা ১৫ মিনিট থেকে সোনার এই নতুন দাম কার্যকর হয়েছে।
সোনার পাশাপাশি দেশের বাজারে কমেছে রুপার দামও। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৭ হাজার ২৯০ টাকা, ২১ ক্যারেটের রুপা ৬ হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হবে ৪ হাজার ৪৩২ টাকায়।
বিশ্লেষকদের মতে, বিশ্ববাজারে অস্থিরতা অব্যাহত থাকলে আগামী দিনে সোনার দামে আরও ওঠানামা দেখা যেতে পারে।
