সেন্টমার্টিনে এক জালে ধরা পড়ল ১১২ মণ নাগু মাছ: ২০ লাখ টাকায় বিক্রি

নিজস্ব প্রতিবেদক

টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের পশ্চিমে বঙ্গোপসাগরে এক জালে বিপুল পরিমাণ নাগু মাছ ধরা পড়েছে। সাহে আহম্মদের মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলারে প্রায় ৪ হাজার ৪৮০ কেজি, প্রায় ১১২ মণ ওজনের নাগু মাছ ধরা পড়ে। এসব মাছ বিক্রি হয়েছে ২০ লাখ ২৫ হাজার টাকায়।

(৩১ জানুয়ারি) সন্ধ্যায় টেকনাফ পৌরসভার কায়ুকখালী বোটঘাট সংলগ্ন ফিসারিতে এসে পৌঁছায়। পরে ট্রলার থেকে মাছগুলো নামিয়ে ফিসারিতে তোলা হয়।

ট্রলারের মালিক সাহে আহম্মদ জানান, গত ২৭ জানুয়ারি সকালে টেকনাফ পৌরসভা কায়ুকখালী বোটঘাট থেকে ট্রলারটি সাগরের উদ্দেশ্যে যাত্রা করে। সেন্টমার্টিনের পশ্চিমে বঙ্গোপসাগরে জাল ফেলে ট্রলারটি নোঙর করা হয়। শনিবার সকালে হঠাৎ করে একটি বড় নাগু মাছের ঝাঁক জালে আটকে পড়ে। মাছের পরিমাণ বেশি হওয়ায় পরে আরেকটি ট্রলারের সহায়তায় সেগুলো ঘাটে আনা হয়।

তিনি আরও জানান, ফিসারিতে তোলার পর মাছগুলোর মোট ওজন দাঁড়ায় ৪ হাজার ৪৮০ কেজি। পরে কয়েকজন মাছ ব্যবসায়ীর কাছে এসব নাগু মাছ ২০ লাখ ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়। বিক্রির পর মাছগুলো বরফ দিয়ে ফিসারিতে সংরক্ষণ করা হয়।

ট্রলারটির মাঝির দায়িত্বে ছিলেন রহিম উল্লাহ। অভিযানে ট্রলারটিতে মোট ২২ জন মাঝি ও মাল্লা অংশ নেন। বড় অঙ্কের মাছ ধরা পড়ায় ট্রলারের শ্রমিকদের মধ্যেও ছিল আনন্দ ও উৎসাহ।

খবর ছড়িয়ে পড়লে কায়ুকখালী ফিসারিতে মাছ ব্যবসায়ীসহ সাধারণ ক্রেতাদের ভিড় জমে। অনেকেই এত বড় পরিমাণ নাগু মাছ একসঙ্গে দেখতে ফিসারিতে আসেন।

Exit mobile version