পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর জেলা পুলিশের ভবনগুলোর অগ্নি নিরাপত্তা নিশ্চিত ও আপদকালীন দুর্যোগ মোকাবিলায় পুলিশ সদস্যদের সক্ষমতা বাড়াতে অনুষ্ঠিত হয়েছে বাৎসরিক অগ্নিনির্বাপক মহড়া। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জেলা পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় এই মহড়া সম্পন্ন হয়।
মহড়ায় অগ্নিকাণ্ডের উৎস চিহ্নিতকরণ, প্রাথমিক অবস্থায় আগুন নিয়ন্ত্রণ এবং জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার আধুনিক কৌশলগুলো প্রদর্শন করা হয়। ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত দল বাস্তব ও ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে পুলিশ সদস্যদের হাতে-কলমে প্রশিক্ষণ দেন।
এ সময় পুলিশ লাইন্স মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের আগুনের ঝুঁকি ও নিরাপদ উদ্ধার প্রক্রিয়া সম্পর্কে সচেতন করা হয়। মহড়ায় আধুনিক অগ্নিনির্বাপণ সরঞ্জামের ব্যবহার এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, নিয়মিত এ ধরনের অনুশীলনের ফলে পুলিশের অবকাঠামো ও সদস্যদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি যেকোনো বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে। মহড়ায় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, পুলিশ সদস্য এবং ফায়ার সার্ভিসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
