শবে বরাতের মহিমান্বিত রজনীতে দেশ জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা তারেক রহমান

বিশেষ প্রতিনিধি

শাবান মাসের মহিমান্বিত রাত শবে বরাত উপলক্ষে বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সব মুসলমানের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়েছে।

এক শুভেচ্ছা বার্তায় বলা হয়, ‘বরাত’ শব্দের অর্থ নাজাত বা মুক্তি। শবে বরাতের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। এ রাতে পরম করুণাময় আল্লাহ তাঁর বান্দাদের জন্য রহমত ও দয়ার ভান্ডার খুলে দেন। তাই এ রাতের ফজিলত ও মর্যাদা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। শবে বরাত রমজানের আগমনী বার্তাও বহন করে।

বার্তায় আরও বলা হয়, এই পবিত্র রাতে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর সান্নিধ্য লাভের আশায় সারারাত ইবাদত-বন্দেগিতে মশগুল থাকেন। নিজেদের ভুল-ভ্রান্তি ও ত্রুটি-বিচ্যুতির জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। এ রাতে এমন নেক আমল করা উচিত, যার মাধ্যমে আল্লাহর রহমত ও মাগফিরাত লাভ করা যায়।

শবে বরাতের আরেকটি তাৎপর্য হলো নাজাত বা মুক্তি লাভ। বিশ্বাসী মুসলমানরা সব ধরনের অনাচার, অপকর্ম ও অপবিত্রতা থেকে পরিত্রাণ পেতে আল্লাহর কাছে প্রার্থনা করেন। মহান রাব্বুল আলামীন অনুগ্রহ প্রার্থীদের প্রতি তাঁর অনুগ্রহ বর্ষণ করেন।

বার্তায় সহিংসতা, রক্তপাত, হিংসা ও বিদ্বেষ পরিহার করে মানবজাতির বৃহত্তর কল্যাণে সহিষ্ণুতা, সংযম ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানানো হয়। বলা হয়, এই মহিমান্বিত রাতে এমন প্রতিশ্রুতি নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামীন কবুল করবেন।

বিশ্বশান্তি প্রতিষ্ঠা এবং বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করার কথাও উল্লেখ করা হয়।

বার্তার শেষে পবিত্র শবে বরাতের এই রজনীতে দেশ, জাতি এবং মুসলিম বিশ্বের উত্তরোত্তর উন্নতি, কল্যাণ ও শান্তি কামনা করা হয়।

Exit mobile version