দেশকে মৌলবাদী অন্ধকার ও আফগানিস্তানের মতো পরিস্থিতির হাত থেকে রক্ষা করতে হলে আগামী নির্বাচনে বিএনপিকে জয়ী করার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা এবং ঢাকা-১৭ আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুস সালাম।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালী সাততলা বস্তি এলাকায় স্থানীয় নারী সমর্থকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বস্তিবাসীকে আশ্বস্ত করে আব্দুস সালাম বলেন, ‘আপনাদের উচ্ছেদ করে আমাদের কোনো লাভ নেই। আমরা চাই আপনাদের ঘর হোক, চাকরি হোক এবং আপনাদের সন্তানরা শিক্ষা ও চিকিৎসার সুযোগ পাক। জীবনমান উন্নত হওয়াই আমাদের মূল লক্ষ্য।’
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও প্রতিপক্ষকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘আরেকটা দল আছে, যারা ক্ষমতায় এলে আপনারা নারীরা ঘর থেকে বেরই হতে পারবেন না। তারা দেশের উন্নয়ন নয়, বরং পেছনে টেনে নিতে চায়। দেশকে আফগানিস্তান হওয়া থেকে বাঁচাতে এবং সেই অন্ধকার যুগে ফিরে যেতে না চাইলে বিএনপিকে জয়যুক্ত করতে হবে।’
নারীদের কর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ করে বিএনপির চেয়ারম্যানের এই উপদেষ্টা বলেন, ‘বিএনপি দখলবাজিতে বিশ্বাস করে না। দেশের অর্ধেক নারী, তাদের ঘরে বসিয়ে রাখলে উন্নতি সম্ভব নয়। সম্মানের সঙ্গে বাঁচতে হলে নারীদেরও কাজে যোগ দিতে হবে। নারীদের কাজ বন্ধ করে দিলে পরিবার চলবে না। যে যত বড় কথাই বলুক, নিজেরটা নিজে জোগাড় না করলে কেউ সাহায্য দেয় না।’
তিনি বলেন, যারা নারী অধিকারের বড় বড় কথা বলে, তারা তো কোনো নারী প্রার্থীকেই মনোনয়ন দেয়নি। কারণ, তারা নারীদের অধিকারেই বিশ্বাস করে না।’
তারেক রহমানের আগামীর স্বপ্নের কথা উল্লেখ করে আব্দুস সালাম বলেন, ‘তারেক রহমান বলেছেন, ছেলে-মেয়েরা বিনা পয়সায় পড়াশোনা ও চিকিৎসার সুযোগ পাবে। সুন্দর পরিবার গঠন ও কর্মসংস্থান নিশ্চিত করা গেলে কিশোর গ্যাং বা চাঁদাবাজ থাকবে না। মানুষের অভাব দূর করতে তারেক রহমানকে একটি করে ভোট দিয়ে জয়যুক্ত করা এখন আপনাদের নিজেদেরই স্বার্থ।’
নির্বাচনে অর্থের প্রভাব সম্পর্কে ভোটারদের সতর্ক করে তিনি বলেন, ‘আল্লাহর ওয়াস্তে কেউ টাকা খেয়ে ভোটটা পঁচাবেন না। মা-বোনেরা খালেদা জিয়াকে ভালোবাসতেন। সেই ভালোবাসা থেকে তার সন্তান তারেক রহমানকে ভোট দিয়ে দেশের সেবা করার সুযোগ দিন।’
মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নারী কর্মী এবং সাধারণ বস্তিবাসী উপস্থিত ছিলেন।
