উখিয়া–টেকনাফে স্পিডবোট বৈষম্য নিয়ে আলোচনা ট্রলারে সেন্টমার্টিনে গেলেন দাড়িপাল্লার প্রার্থী

হাফিজুর রহমান খান

কক্সবাজার–৪ (উখিয়া–টেকনাফ) আসনের নির্বাচনী প্রচারণা ঘিরে সেন্টমার্টিন যাতায়াত নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, ধানের শীষের প্রার্থী শাহজাহান চৌধুরী স্পিডবোটে করে সেন্টমার্টিনে যেতে পারলেও দাড়িপাল্লার প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীকে স্পিডবোট না দিয়ে ট্রলারে যেতে বাধ্য করা হয়েছে।

এ ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা-সমালোচনা চলছে। অনেকেই বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয় বলে আখ্যায়িত করেছেন। সচেতন মহলের মতে, নির্বাচনী সময়ে এ ধরনের বৈষম্য প্রশ্নবিদ্ধ এবং অস্বস্তিকর বার্তা দেয়।

এদিকে বিষয়টি নিয়ে সেন্টমার্টিনের ছাত্র নেতা জামিল উদ্দিন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ক্ষোভ প্রকাশ করে একটি স্ট্যাটাস দেন। পাঠকদের জন্য তার বক্তব্য হুবহু তুলে ধরা হলো— “কক্সবাজার–৪ আসনের সংসদীয় আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোটের প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী সেন্টমার্টিনে নির্বাচনী পথসভা রাখেন। কিন্তু স্পিডবোট সিন্ডিকেটের কারণে ওনাকে স্পিডবোট নিয়ে আসাটা সম্ভব হয়নি। শাহ পরীর দ্বীপে স্পিডবোট নাই বলে কিংবা প্রোগ্রামকে সামনে রেখে যারা কৃত্রিম সংকট তৈরি করেছেন, তাদের প্রতি ঘৃণা। আপনাদের হীনমন্যতা ও নীচতা আমরা দেখেছি ।

স্থানীয়দের একটি অংশ দাবি করছে, স্পিডবোট চলাচল নিয়ে একটি প্রভাবশালী সিন্ডিকেট সক্রিয় রয়েছে, যার কারণে নির্দিষ্ট প্রার্থী বা পক্ষ সুবিধা পাচ্ছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

নির্বাচনী মাঠে সমান সুযোগ ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।

Exit mobile version