ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ। ২০ দলের এই বৈশ্বিক আসরে বাংলাদেশের পরিবর্তে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। ফলে মাঠের লড়াইয়ে না থাকলেও, বিশ্বকাপে বাংলাদেশের উপস্থিতি থাকছে ভিন্ন এক ভূমিকায়।
ধারাভাষ্য প্যানেলে জায়গা পেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠ আতহার আলী খান।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ঘোষিত তারকাবহুল ধারাভাষ্য তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়েছে।
শুক্রবার আইসিসি আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ধারাভাষ্যকারদের পূর্ণ তালিকা প্রকাশ করে। মোট ৪০ জন অভিজ্ঞ ও খ্যাতনামা ধারাভাষ্যকার এই টুর্নামেন্টে দায়িত্ব পালন করবেন। প্যানেলের নেতৃত্বে থাকছেন রবি শাস্ত্রী, নাসের হুসেইন, ইয়ান স্মিথ ও ইয়ান বিশপের মতো কিংবদন্তিরা।
এ ছাড়া সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ও তারকা ক্রিকেটারদের মধ্যে রয়েছেন অ্যারন ফিঞ্চ, দীনেশ কার্তিক, কুমার সাঙ্গাকারা, কার্লোস ব্র্যাথওয়েট, ইয়ন মরগান, ওয়াসিম আকরাম, সুনীল গাভাস্কার, ম্যাথু হেইডেন ও রমিজ রাজা। ডেল স্টেইন, মাইকেল আথারটন, ওয়াকার ইউনুস ও সাইমন ডুলের মতো বিশ্লেষকরাও ম্যাচ কাভারেজে থাকবেন।
বর্তমান ক্রিকেটারদের মধ্য থেকেও কয়েকজনকে ধারাভাষ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। সদ্য আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপজয়ী অধিনায়ক টেম্বা বাভুমা এবং শ্রীলঙ্কার অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস দায়িত্ব পালন করবেন মাইকের পেছনে।
